বিচারক আলী আকবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হচ্ছেন
কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. আলী আকবরকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে। তাকে এ দায়িত্ব দিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অধীনে ন্যস্ত করা হবে।
সোমবার (২৮ অক্টোবর) আইন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. আলী আকবরকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে প্রেষণে নিয়োগের উদ্দেশ্যে তার চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যাস্ত করা হলো।
গত ২০ অক্টোবর ৯ জনকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন তারা শপথও নেন। এর মধ্যে রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেনও রয়েছেন। পরে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল।
এফএইচ/এসএইচএস/এমএআর/জেআইএম/এমএস