রোদ আর ভয় নেই


প্রকাশিত: ০৪:৫২ এএম, ২৮ জানুয়ারি ২০১৫

শীত বিদায় নিচ্ছে প্রকৃতি থেকে। ধীরে ধীরে চড়া হতে শুরু করেছে সূর্য মামার মেজাজও। তপ্ত দুপুরে সূর্যের চোখ রাঙানি তো থাকবেই। তাই বলে বাইরে না বেরিয়ে উপায় কি! এ সময় রোদের হাত থেকে বাঁচতে চাই সানগ্লাস এবং ছাতা।

সানগ্লাস তো এখন ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে অহরহ ব্যবহৃত হচ্ছে, ছাতাটাকেও সেভাবে সঙ্গী করে নিতে পারেন। রোদ থেকে বাঁচতে সানগ্লাস আপনার চোখের এবং ছাতা আপনার ত্বকের নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করবে।

সানগ্লাস
সানগ্লাস নির্বাচনের সবচেয়ে সহজ উপায় হলো আপনার মুখাকৃতির বিপরীত ধরনের সানগ্লাস ব্যবহার করুন। ছেলেরা বেছে নিতে পারেন পাইলট বা এভিয়েটর শেপের গ্লাস। রঙ বেছে নিতে পারেন ব্ল্যাক, ব্রাউন ও গ্রে। মেয়েরা ব্যবহার করতে পারেন পাশে কাজ করা একটু চওড়া ফ্রেমের গ্রে, হালকা টু শেড সানগ্লাস। যারা একটু বেশি ফ্যাশন সচেতন, তারা পরতে পারেন পারপল, পিংক, রেড কালারের সানগ্লাস।

কোথায় পাবেন, কেমন দাম
বিজয়নগরের তাসনিম অপটিক্সের বিক্রেতা জামাল হোসেন জানান, আমাদের দোকানে বিক্রি হওয়া বিদেশি ব্র্যান্ডের সানগ্লাসের মধ্যে রিবন, আরমানি, পলিস, কার্টিয়ার, ফার্স্ট ট্রাক, গোচি, ডিওর, বার্চাস, লুইস বাটন, কেরারা, পওরশে, সিকে, টেগুয়ার বেশি বিক্রি হচ্ছে। বিভিন্ন শেপের সানগ্লাসের মধ্যে ওভাল, ওভাল স্কয়ার, ওয়েফার, পাইলট শেপ বেশ চলছে। রঙের ক্ষেত্রে কালো, খয়েরি, সবুজ, ধূসর, নীলসহ বিভিন্ন রঙ পাওয়া যাচ্ছে।

বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে রিবন ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা, পলিশ ২ হাজার থেকে ২০ হাজার, কেরারা ১ হাজার ৮০০ থেকে ১৫ হাজার, ফার্স্ট ট্রাক ১ হাজার ৮০০ থেকে ১২ হাজার, কেরারা ২ হাজার ৫০০ থেকে ১৬ হাজার, গোচি ২ হাজার ২০০ থেকে ১৪ হাজার, প্রাদা ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০, শ্যানেল ৪ হাজার থেকে ২০ হাজার, পওরশে ২ হাজার ৮০০ থেকে ২৫ হাজার, লুইস বাটন ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা। এছাড়া বিভিন্ন নন-ব্র্যান্ডের চশমা পাবেন ১৫০ থেকে ১ হাজার টাকায়।


ছাতা
ছাতা নিয়ে বাইরে বেরোতে অনেকে ইতস্তত করেন। তাদের মনে রাখতে হবে, সবার আগে দরকার শরীরের সুস্থতা আর ত্বক তো শরীরেরই গুরুত্বপূর্ণ অংশ। যারা মনে করেন ছাতা নিয়ে চলা সেকেলে স্টাইল, তাদের ধারণা ভুল।

বাজারে নানা রঙ আর আকৃতির স্টাইলিশ ছাতা পাওয়া যাচ্ছে। মেয়েরা লাল, সবুজ, হালকা কমলা, বেগুনি, বিভিন্ন প্রিন্টের পাতার নকশা ইত্যাদি রঙের ও ডিজাইনের ছাতা ব্যবহার করতে পারেন। আর পোশাকের সঙ্গে মিল রেখেও ছাতার রঙ বেছে নিতে পারেন। ছেলেরা ব্যবহার করতে পারেন গাঢ় সবুজ, চকোলেট, ব্রাউন, নীল রঙের ছাতা।


কোথায় পাবেন, কেমন দাম
দেশি ছাতার মধ্যে শরীফ ও এটলাসের ছাতার জনপ্রিয়তা বেশি। এছাড়া রহমান, স্টামফোর্ড, দত্ত, মুন, ফিলিপস, চেরি, ব্রাদার্স, মার্টিন, অ্যাপেক্স, নওয়াব, গোল্ডফিশ ইত্যাদি ব্র্যান্ডের ছাতা পাওয়া যায়। বিভিন্ন ব্রান্ডের লম্বা ডাঁটওয়ালা ছাতা সর্বনিম্ন ১৫০ টাকা এবং ফোল্ডিং ছাতা পাওয়া যাচ্ছে ২২০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে।

রাজধানীর নিউমার্কেট, নিউ এলিফ্যান্ট রোড, বায়তুল মোকাররম মার্কেট, বসুন্ধরা সিটি, মৌচাক মার্কেট, ফরচুন শপিং মল, কর্ণফুলী মার্কেট, বেইলি স্টার, ওয়েস্টার্ন প্লাস, ওয়েস্টার্ন প্লাজা, বনানীর ফ্যাশন হাউস চন্দনসহ ছোট-বড় সব বাজারে দেশি-বিদেশি এসব ছাতা পাওয়া যায়। এছাড়া বিভিন্ন কসমেটিক্সের দোকানেও ব্র্যান্ডেড সব ছাতা পাবেন।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।