গরমে প্রাণ জুড়াতে শরবত
গরমে ঠান্ডা কিছু খেতে সবার আঁইঢাঁই করে সবার প্রাণ। প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে অনেকেই রাস্তার পাশের অস্বাস্থ্যকর শরবত কিনে খান। আর তার ফলাফলস্বরূপ ভুগতে হয় পেটের অসুখসহ বিভিন্ন সমস্যায়। শরবত তৈরি এমন কঠিণ কিছু নয়। তাই পথের পাশ থেকে নয়, বিশুদ্ধ পানি দিয়ে ঘরে বসেই শরবত তৈরি করে খান-
কাঁচা আমের শরবত
উপকরণ:
কাঁচা আম, বিট লবন, কাচামরিচ, চিনি ও পানি।
প্রণালি:
আম ভালোভাবে ধুয়ে কেটে টুকরো করে নিন। এবার ব্লেন্ডারে একে একে আম, পরিমানমতো বিট লবন, কাচামরিচ, চিনি ও পানি দিন। সবকিছু একসাথে ভালোকরে ব্লেন্ড করুন ২ মিনিট। হয়ে গেল দারুন স্বাদের কাঁচা আমের শরবত। গ্লাসে ঢেলে বরফ টুকরো দিয়ে পরিবেশন করুন।
বেলের শরবত
উপকরণ :
মাঝারি সাইজের ১টি বেল, চিনি, বরফ কুচি।
প্রণালি :
প্রথমে পরিস্কার পানি দিয়ে বেল ধুয়ে নিন। এরপর বেল ভেঙে ভিতর থেকে বিচি ফেলে দিয়ে পানির সঙ্গে মিশিয়ে আঁশ তুলে ফেলুন। এরপর তাতে পরিমাণমত চিনি ও বরফ কুচি মিশিয়ে পরিবেশন করুন।
আনারসের শরবত
উপকরণ :
আনারস ১টি, চিনি, বিট লবণ, পুদিনা পাতা।
প্রণালি :
পরিস্কার পানি দিয়ে আনারস ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নিন। এরপর আনারসের টুকরাগুলো ব্লেন্ডারে দিয়ে তাতে পানি, চিনি, বিট লবণ, পুদিনা পাতা মিশিয়ে ব্লেন্ড করুণ। এরপর শরবত ছেকে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পান করুন।
টমেটোর শরবত
উপকরণ :
টমেটো ২৫০ গ্রাম, চিনি পরিমাণমতো, গোল মরিচ ১/২ চা চামচ, পানি।
প্রণালি :
টমেটো, চিনি, গোল মরিচ ও পানি একসঙ্গে মিশিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপর শরবত ছেঁকে একটি গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।
আদা ও লেবুর শরবত
উপকরণ :
আদার রস ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, ঠান্ডা পানি ১ গ্লাস।
প্রণালি :
পানির সঙ্গে আদা ও লেবুর রস এবং চিনি মিশিয়ে ব্লেন্ড করুন। এরপর শরবতটি ফ্রিজে রেখে ঠাণ্ডা হলে পান করুন।
এইচএন/এমএস