শাবিপ্রবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, আসন প্রতি লড়বেন ৫৩ জন
ফাইল ছবি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা মঙ্গলবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫৩ জন ভর্তিচ্ছু।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. আহমেদ কবির চৌধুরী।
তিনি জানান, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের ৯৮৫টি আসনের বিপরীতে অংশ নেবেন ৫২ হাজার ৮২৩ জন। এই ইউনিটের ‘এ-১’ (বিজ্ঞান) ৯৫৫ আসন ও ‘এ-২’ (বিজ্ঞান ও আর্কিটেকচার) ৩০ আসন রয়েছে।
তিনি আরও বলেন, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা ও সিলেটের ১৮টি কেন্দ্রে এ-১ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ-১ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে শাবিপ্রবি ক্যাম্পাসে এ-২ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ-১ ইউনিটে ঢাকার কেন্দ্রগুলোতে অংশ নেবেন ৪৩ হাজার ২৩৭ জন এবং সিলেটে ৯ হাজার ৫৮৬ জন পরীক্ষার্থী।
কৃষি ও খনিজ বিজ্ঞান অনুষদ, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, জীব বিজ্ঞান অনুষদ, জীব বিজ্ঞান অনুষদ এবং ভৌত বিজ্ঞান অনুষদ ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত।
ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ১২টি কেন্দ্র হলো- নীলক্ষেত উচ্চ বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ (বুয়েট), ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজ, গভর্নমেন্ট টিচার্স ট্রেনিং কলেজ, বিটিসিএল আইডিয়াল স্কুল, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, রায়হান স্কুল অ্যান্ড কলেজ ও মগবাজার গার্লস হাইস্কুল।
সিলেটে শাবিপ্রবি ক্যাম্পাস ছাড়াও চারটি কেন্দ্র হলো পাটানতুলা জামেয়া, মিরাবাজার জামেয়া, অগ্রগামী গার্লস হাইস্কুল ও আম্বরখানা মহিলা উচ্চ বিদ্যালয়।
এসএইচ জাহিদ/এমএন/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শাবিপ্রবিতে নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল
- ২ শিবিরের ইফতারে উপচেপড়া ভিড়, খাবার পায়নি শত শত শিক্ষার্থী
- ৩ শিক্ষিকাকে হত্যা করে নিজের গলায় ছুরি চালাচ্ছিলেন কর্মচারী ফজলুর
- ৪ জাবিতে তিন হাজারের বেশি শিক্ষার্থী নিয়ে শিবিরের ইফতার মাহফিল
- ৫ সম্পূরক বৃত্তির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে ফের আন্দোলনের হুঁশিয়ারি