ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

শাবিপ্রবিতে মাতৃভাষা দিবসের সভায় শিক্ষার্থী খরা, ব্যানারে ইংরেজি অক্ষর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শাবিপ্রবি | প্রকাশিত: ০২:৫৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় দিবসগুলোর অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ আশঙ্কাজনক হারে কমছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায়ও তেমন শিক্ষার্থীদের দেখা মেলেনি। এছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের অনুপস্থিতির পাশাপাশি আয়োজনের ব্যানারে বিদেশি অক্ষরের (ইংরেজি) ব্যবহার নিয়েও তৈরি হয়েছে তীব্র সমালোচনা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটেরিয়ামে এই আলোচনা সভার আয়োজন করে প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটেরিয়ামে আড়াই শতাধিক শিক্ষার্থীর বসার ব্যবস্থা থাকলেও এক ঘণ্টাব্যাপী চলা এই সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে উপস্থিতি ছিল এক-চতুর্থাংশের মতো। সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি ছিল নগণ্য, ফলে অডিটেরিয়ামের অধিকাংশ আসনই ফাঁকা পড়ে থাকতে দেখা যায়।

শিক্ষার্থীদের অনাগ্রহ নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক বলেন, জাতীয় দিবসগুলোতে আমাদের শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখা যাচ্ছে। প্রজন্মকে এই দিবসগুলোর গুরুত্ব জানাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

শাবিপ্রবিতে মাতৃভাষা দিবসের সভায় শিক্ষার্থী খরা, ব্যানারে ইংরেজি অক্ষর

এদিকে অন্য বছরগুলোতে মাতৃভাষা দিবস উদযাপনের ব্যানারে বাংলা অক্ষরের ব্যবহার লক্ষ্য করা গেলেও এবারের ব্যানারে বিদেশি অক্ষরের (ইংরেজি) ব্যবহার দেখা গেছে।

জানতে চাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. আহমদ কবির চৌধুরী জাগো নিউজকে বলেন, শিক্ষার্থীদের কাছে দাওয়াত পৌঁছাতে প্রতিটা বিভাগে বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি বিভাগগুলোর নোটিশবোর্ডে দেওয়ার কথা, যদি না দেওয়া তাহলে শিক্ষার্থীরা জানতে পারবেন না। আমি সভাপতি থাকলেও বিজ্ঞপ্তি দেওয়ার দায়িত্ব আমার ছিলনা।

তিনি আরও বলেন, আমার চোখেও শিক্ষার্থীদের কম অংশগ্রহণের বিষয়টি পড়েছে। ভবিষ্যতে দায়িত্ব পেলে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে উদ্যোগ নিব।

ব্যানারে ইংরেজি অক্ষরের ব্যবহার নিয়ে তিনি বলেন, এটি আমারও নজরে এসেছে। কম্পিউটারে বাংলা অক্ষর নিয়ে কাজ করতে গেলে অনেক সময় ইংরেজি হয়ে যায় এটা এই কারণে হতে পারে। এটি হওয়া উচিত হয়নি আরও সচেতন থাকা প্রয়োজন ছিল।

সভায় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

এসএইচ জাহিদ/কেএইচকে/এএসএম