ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

জাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা ও কবিতা পাঠের আসর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৪:২২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘মুখের বুলি, মায়ের ভাষা’ শীর্ষক দুই দিনব্যাপী বইমেলা ও কবিতা পাঠের আসরের আয়োজন করেছে বিবর্তন সংসদ এবং জিয়া স্মৃতি পাঠাগার।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মহুয়াতলায় আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান, রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে।

সরেজমিনে দেখা যায়, মেলার একটি টেবিলে রয়েছে ‘জাহাঙ্গীরনগর কর্নার’, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও লেখকদের রচিত বই প্রদর্শিত হচ্ছে। অন্য টেবিলগুলোতে ভাষা আন্দোলনভিত্তিক গ্রন্থের পাশাপাশি স্বনামধন্য লেখকদের সাহিত্যকর্মের সমাহার রয়েছে।

বইমেলা ও কবিতা পাঠ আয়োজন সম্পর্কে জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি সাইদুর রহমান সীমান্ত বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ ফিতা কেটে মেলার সূচনা করেন ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন, যা শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। যদিও কবিতা পাঠ ও পুতুলনাচ এখনো শুরু হয়নি, তবুও আমরা আশাবাদী এ আয়োজন বইপাঠের আগ্রহ বাড়াবে এবং সাহিত্য ও জ্ঞানভিত্তিক সংস্কৃতি বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিবর্তন সংসদের আহ্বায়ক সাদেকুল ইসলাম টিমন বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণ করে আমাদের এই আয়োজন। শুধু বাংলা ভাষাই নয়, দেশের আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতির প্রতিও সম্মান জানানো এ আয়োজনের উদ্দেশ্য।

জাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা ও কবিতা পাঠের আসর

তিনি আরও বলেন, আমরা চাই সর্বক্ষেত্রে বাংলা ভাষার সুষ্ঠু ও মর্যাদাপূর্ণ ব্যবহার নিশ্চিত হোক, পাশাপাশি ভাষার বৈচিত্র্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে সাহিত্যচর্চা আরও বিস্তৃত হোক।

বিবর্তন সংসদের উপদেষ্টা ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীমা সুলতানা বলেন, ভাষা আন্দোলন ছিল আমাদের অস্তিত্ব ও গণতান্ত্রিক পথযাত্রার সূচনা। বাংলা ভাষা রক্ষা না হলে আমাদের জাতিসত্তাও টিকে থাকতো না। তাই সর্বস্তরে শুদ্ধ ও মর্যাদাপূর্ণভাবে বাংলা ভাষার প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডীন অধ্যাপক ড. মো. শামছুল আলম সেলিম, গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক মোহাম্মদ খোরশেদ আলম প্রমুখ।

মো. রকিব হাসান প্রান্ত/এমএন/এমএস