ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

বেরোবিতে গণইফতারে খাবার পাননি শতাধিক শিক্ষার্থী, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৮:০৯ পিএম, ০৩ মার্চ ২০২৬

শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় সাড়ে সাত হাজার মানুষের গণইফতারের আয়োজন করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন। এতে ইফতার পাননি শতাধিক শিক্ষার্থী। এতে ক্ষুব্ধ হয়ে উপাচার্যকে ‌‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন তারা।

মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ গণইফতারের আয়োজন করা হয়।

ঘোষণা অনুযায়ী, শিক্ষার্থীরা বিকেল ৪টা থেকেই ইফতার অনুষ্ঠানের জন্য জড়ো হতে থাকেন এবং টোকেন দিয়ে খাবার সংগ্রহ করেন। কিন্তু শেষ মুহূর্তে এসে দেখা যায়, অনেক শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত ইফতারসামগ্রী নেই। আবার অনেকে শিক্ষার্থী খাবার পেলেও খাবার নষ্ট ও গন্ধযুক্ত হওয়ায় ইফতার না করেই তারা চলে যান। হতাশ হয়ে অনেকেই ইফতার না পেয়ে বেরোবি উপাচার্য ও আয়োজক কমিটির সামনে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

বেরোবিতে গণইফতারে খাবার পাননি শতাধিক শিক্ষার্থী, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

নাজমুস সাকিব নামের একজন শিক্ষার্থী বলেন, ‘বিপুলসংখ্যক শিক্ষার্থীকে ইফতারের আমন্ত্রণ জানানো হলেও অনেকে খাবার পাননি। প্রশাসন বলেছিল ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে এই আয়োজন। কিন্তু খাবারই যদি না পাওয়া যায়, তবে সেই ভ্রাতৃত্ব কোথায় থাকে? আমার বিভাগ থেকে টোকেন জমা নেওয়া হলেও খাবার দেওয়া হয়নি। শেষমেশ শুধু পানি খেয়েই ইফতার করতে হলো।’

আরেক শিক্ষার্থী ফরহাদ মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘টোকেন দেওয়ার পরও খাবার না পাওয়া অত্যন্ত দুঃখজনক। খাবার দিতে না পারলে আমাদের ডেকে এভাবে অপমান করার কী দরকার ছিল?’

শিক্ষার্থীরা ইফতার না পাওয়া এবং খাবার নষ্ট থাকার বিষয়ে জানতে ইফতার আয়োজক কমিটির আহ্বায়ক প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস রহমান এবং সদস্যসচিব সহযোগী অধ্যাপক মাসুদ রানাকে একাধিকবার ফোন করলেও তারা রিসিভ করেননি।

মো. আজিজুর রহমান/এসআর/এমএস