শিশির মনির-ফুয়াদকে লাল কার্ড দেখালো রাবি ছাত্রদলের একাংশ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) আয়োজিত সেমিনারে অংশ নিতে ক্যাম্পাসে যাওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে লাল কার্ড দেখিয়েছেন শাখা ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। শিশির মনিরের বিরুদ্ধে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের আসামিদের পক্ষে আইনি লড়াই করা ও ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে অস্বীকার করার অভিযোগ করে তারা এ কর্মসূচি পালন করেন।
সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ লাল কার্ড প্রদর্শনী হয়। পরে প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পরিবহন মার্কেটে গিয়ে শেষ হয়।
এদিকে লাল কার্ড প্রদর্শনীতে ভিডিও নিতে গেলে সাংবাদিকদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিতে তেড়ে আসেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে কয়েকজন সাংবাদিক ছাত্রদলের কর্মসূচি বয়কট করেন।
লালকার্ড প্রদর্শনীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান, প্রচার সম্পাদক মো. আর-রাফি, মানবাধিকার বিষয়ক সম্পাদক রাবিত আহমেদ, বিজয়-২৪ হলের সভাপতি গাজী ফেরদৌস হাসান, শের-ই-বাংলা হলের সভাপতি জেমস, হবিবুর রহমান হল শাখা ছাত্রদলের সভাপতি হাবিবুল বাশার উপস্থিত ছিলেন। এছাড়াও হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এসময় ছাত্রদল নেতাকর্মীদের মুখে মাস্ক পরে থাকতে দেখা যায়।
এসময় ‘শিশির মনির, ভুয়া, ভুয়া’; ‘রাকসু, ভুয়া, ভুয়া’; ‘ফুয়াদ—ভুয়া, ভুয়া’; ‘রাবিয়ানদের পক্ষ থেকে লালকার্ড, লালকার্ড’ স্লোগান দিতে দেখা যায়।
কর্মসূচিতে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ব্যারিস্টার ফুয়াদ একজন আইনজীবী, যিনি আইন মানেন না এবং মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন। তিনি মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের মতো একটি স্থানে, যেখানে শহীদদের স্মরণ করা হয়, সেখানে রাকসুর এমন লজ্জাজনক প্রোগ্রাম করে তাকে আনা হয়েছে। আমরা এই প্রোগ্রাম প্রত্যাখ্যান করছি।
এসময় অন্য একজন শিক্ষার্থী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমরা ব্যারিস্টার ফুয়াদকে অবাঞ্ছিত ঘোষণা করছি। এ বাংলার মাটিতে রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনীর এজেন্টদের কোনো স্থান নেই। যারা শহীদ আবরার ফাহাদের মতো একজনের হত্যাকারীর পক্ষে সাফাই গায়, তাদের আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি।
লালকার্ড প্রদর্শনীর বিষয়ে রাকসুর বিতর্ক ও সাহিত্যবিষয়ক সম্পাদক ইমরান লস্কর বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা লালকার্ড প্রদর্শন করে সাধারণ শিক্ষার্থীদের ওপর দায় চাপাতে চেয়েছিল। ‘গণভোট রায় বাস্তবায়নে গড়িমসি: সংকটের পথে দেশ’ শীর্ষক আলোচনা সভায় আলোচনা করতে আসা আইনজীবী শিশির মনির ও ব্যারিস্টার ফুয়াদ রাতুলের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা কখনো দাঁড়াবে না। এ দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছেন। ছাত্রদলের এমন আচরণ কাম্য নয়।
রাকসুর আমন্ত্রণে ‘গণভোটের রায় বাস্তবায়নে: সংকটের পথে দেশ’ শীর্ষক সেমিনারে অতিথি হিসেবে রাবিতে এসেছিলেন আইনজীবী শিশির মনির ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
মনির হোসেন মাহিন/এমএন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শিশির মনির-ফুয়াদকে লাল কার্ড দেখালো রাবি ছাত্রদলের একাংশ
- ২ ক্ষমতায় এসে বিএনপি ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে পল্টি মেরেছে: শিশির মনির
- ৩ প্রক্টরের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা, অবরুদ্ধ উপাচার্য
- ৪ বেরোবিতে ইতিহাস বিভাগের প্রত্নপ্রদর্শনী-ঐতিহ্য উৎসব
- ৫ সরকারি দলের চেয়ে জুলাই যোদ্ধারা বেশি শক্তিশালী: ব্যারিস্টার ফুয়াদ