এবার হল থেকে বহিষ্কার হলেন নারী হেনস্তাকারী সেই ঢাবি শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুই নারীকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম তুষার/ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় দুই নারীকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম তুষারের আবাসিক সিট বাতিল করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি টিএসসি মোড়ের রাজু ভাস্কর্য সংলগ্ন এলাকায় মারধরের ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে (অভিযুক্ত শাহরিয়ার ইসলাম তুষার) ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এমতাবস্থায়, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে বিজয় একাত্তর হলে আপনার নামে বরাদ্দকৃত সিটটি বাতিল করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে হল থেকে সরবরাহ করা আইডি কার্ড, রুমের চাবি ও অন্যান্য সরঞ্জামাদি প্রশাসনকে বুঝিয়ে দিয়ে আপনাকে হল ত্যাগের নির্দেশ দেওয়া যাচ্ছে।
এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরদিন ভুক্তভোগী নারীদের সঙ্গে থাকা দুই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গত ১০ মার্চ তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—ঢাবির থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল।
এফএআর/এমএমকে