ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

নিজ অবস্থান থেকে সবুজ-বাসযোগ্য ক্যাম্পাস গড়ার আহ্বান ঢাবি উপাচার্যের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ঢাবি | প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১০ এপ্রিল ২০২৬

নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা চর্চার মাধ্যমে সবুজ ও বাসযোগ্য ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

শুক্রবার (১০ এপ্রিল) ঢাবির মল চত্বরে ‘ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস-২০২৬’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. আবদুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিল ঢাবির আরবরি কালচার সেন্টার। আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ, বাংলাদেশ সোসাইটি ফর ইকোলজিক্যাল রিসার্চ ও গ্রিন ফিউচার ফাউন্ডেশন, বাংলাদেশ।

উপাচার্য বলেন, ‘পরিচ্ছন্নতা ঈমানের অংশ। এই চেতনা থেকেই ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক জীবনে পরিচ্ছন্নতার চর্চা গড়ে তুলতে হবে। আমরা যেমন নিজের শরীর ও পোশাক পরিচ্ছন্ন রাখি, তেমনি চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখাও সমান গুরুত্বপূর্ণ।’

‘উন্নত দেশগুলোতে মানুষের আচরণগত সচেতনতা ও নিয়ম মেনে চলার সংস্কৃতি আমাদের জন্য অনুকরণীয়। সেখানে মানুষ যত্রতত্র ময়লা ফেলে না, বরং নির্দিষ্ট স্থানে ফেলার জন্য অপেক্ষা করে। এই মানসিকতা আমাদের মধ্যেও গড়ে তুলতে হবে,’ যোগ করেন তিনি।

ওবায়দুল ইসলাম জানান, অপরিচ্ছন্ন পরিবেশ শুধু দৃষ্টিকটু নয়, এটি নানা রোগব্যাধির কারণ। ধুলাবালি ও দূষণের কারণে শারীরিক সমস্যা তৈরি হয়। তাই সুস্থ জীবন নিশ্চিত করতে পরিচ্ছন্ন পরিবেশ অপরিহার্য।

তিনি বলেন, গাছপালা পরিবেশকে শীতল ও বিশুদ্ধ রাখে। ঢাবি ক্যাম্পাসে তুলনামূলক বেশি গাছপালা থাকায় এখানে স্বস্তিদায়ক পরিবেশ বিরাজ করছে। এই পরিবেশ রক্ষা ও উন্নয়নে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

উপাচার্য আশা প্রকাশ করেন, এ কর্মসূচি আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে বছরব্যাপী চলমান থাকবে। তিনি ক্যাম্পাসে ময়লা-আবর্জনা ফেলা, উন্মুক্ত স্থানে বর্জ্য নিক্ষেপ ও অস্বাস্থ্যকর আচরণ পরিহারের আহ্বান জানান।

পরে উপাচার্য ও অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

এফএআর/একিউএফ