গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন চায় মঞ্চ ২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনের সামনে মঞ্চ ২৪-এর সংবাদ সম্মেলন/ছবি: সংগৃহীত
গণভোটে প্রকাশিত গণরায় দ্রুত বাস্তবায়ন করার দাবি জানিয়েছে মঞ্চ ২৪। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, গুম, খুন, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে সংঘটিত গণঅভ্যুত্থান হাজারো শহীদের রক্তের বিনিময়ে একটি নতুন স্বাধীনতার সূচনা করেছে। জনগণের ইচ্ছাই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হবে- এমন বাংলাদেশ প্রত্যাশা করা হয়েছিল। তাই গণভোটে প্রকাশিত গণরায় দ্রুত বাস্তবায়ন করতে হবে।
‘অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি, সেই গণআকাঙ্ক্ষাকে উপেক্ষা করে আবারও একটি বিপরীতমুখী রাষ্ট্রব্যবস্থা গঠনের প্রক্রিয়া চলছে। গণভোটে প্রায় ৭৭ শতাংশ জনগণের সুস্পষ্ট রায় থাকা সত্ত্বেও সরকার সেই রায় বাস্তবায়নে গড়িমসি করছে। এমনকি সংসদে জুলাই চেতনার পরিপন্থি বিভিন্ন আইন পাস করা হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল,’ যোগ করেন তিনি।
মঞ্চ ২৪-এর আহ্বায়ক উল্লেখ করেন, জনগণের রায় উপেক্ষা করে কোনো রাষ্ট্রব্যবস্থা দীর্ঘস্থায়ী হতে পারে না। জুলাই সনদের ওপর শপথ না নেওয়া এবং তার বাস্তবায়নে অনীহা প্রকাশের মাধ্যমে সরকার জনগণকে ভুল বার্তা দিচ্ছে। এটি গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল।
একই দাবিতে অনশনরতদের কথা উল্লেখ করে ফাহিম ফারুকী বলেন, ‘আমাদের তিনজন সহযোদ্ধা বর্তমানে আমরণ অনশনে রয়েছেন এবং এরই মধ্যে ৪৫ ঘণ্টারও বেশি সময় অতিক্রম করেছেন। তারা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে উপনীত হয়েছেন। তাদের জীবনের কোনো ক্ষতি হলে এর সম্পূর্ণ দায়ভার সরকারকেই বহন করতে হবে।’
তিনি বলেন, ‘শহীদ আবু সাইদ হত্যার বিচার প্রক্রিয়ায় মাত্র দুজনের মৃত্যুদণ্ড দিয়ে সরকার তথাকথিত সাম্য ও সুষ্ঠু বিচার প্রদর্শনের চেষ্টা করেছে। কিন্তু বাস্তবতা হলো, এই ঘটনায় জড়িত উচ্চপর্যায়ের শক্তিগুলোকে আড়াল করা হয়েছে, যা বিচারহীনতার সংস্কৃতিকেই আরও শক্তিশালী করছে।’
সংবাদ সম্মেলন থেকে মঞ্চ ২৪ চার দফা দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো- অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, অনশনরত শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া এবং বিচারব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা।
এসময় সংগঠনটির পক্ষ থেকে কয়েকটি কর্মসূচিও ঘোষণা করা হয়। মঞ্চ ২৪-এর নেতারা জানান, তারা অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে আমরণ অনশনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি দেশব্যাপী জনরায় বাস্তবায়নের দাবিতে জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করা হবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ১২ এপ্রিলের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা না যায়, তবে তারা সর্বাত্মক আন্দোলনের ডাক দেবেন এবং জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবেন।
এফএআর/একিউএফ
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়ন চায় মঞ্চ ২৪
- ২ নিজ অবস্থান থেকে সবুজ-বাসযোগ্য ক্যাম্পাস গড়ার আহ্বান ঢাবি উপাচার্যের
- ৩ যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি বাতিলের দাবি বাম সংগঠনগুলোর
- ৪ গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৭৬ শতাংশ
- ৫ ঢাবির দুই শিক্ষার্থীর অনশন ৫০ ঘণ্টা পেরোলেও মেলেনি দাবি পূরণের আশ্বাস