ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

বারিতে অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা কর্মশালা

প্রকাশিত: ১০:৫৭ এএম, ১৩ জুন ২০১৭

বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা মঙ্গলবার সকালে বিএআরআই-এর কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

গত অর্থবছর যে সকল গবেষণা কর্মসূচি হাতে নেয়া হয়েছিল সেগুলোর মূল্যায়ন এবং এসব অভিজ্ঞতার আলোকে আগামী বছরের গবেষণা কর্মসূচি প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ মো. গোলাম মারুফ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএআরআই-এর গবেষণা কার্যক্রম ও সাফল্যের ওপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) ড. মো. লুৎফর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএআরআই’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. বীরেশ কুমার গোস্বামী এবং ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখেন বিএআরআই’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. পরিতোষ কুমার মালাকার।

কর্মশালায় বিএআরআই’র অবসরপ্রাপ্ত মহাপরিচালকবৃন্দ, পরিচালকবৃন্দ, বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় ৫০০ জন বিশেষজ্ঞ বিজ্ঞানী অংশগ্রহণ করেন।

কর্মশালায় জানানো হয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত ২০৮ টিরও বেশি ফসলের ৫১২টি উচ্চ ফলনশীল (হাইব্রিডসহ), রোগ প্রতিরোধক্ষম ও বিভিন্ন প্রতিকূল পরিবেশ প্রতিরোধী জাত এবং ৪৮২টি অন্যান্য প্রযুক্তিসহ এ পর্যন্ত ৯০০ টিরও বেশি প্রযুক্তি উদ্ভাবন করেছে।

এ সকল প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে গম, তেলবীজ, ডালশস্য, আলু, সবজি, মসলা এবং ফলের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ প্রযুক্তির উপযোগিতা যাচাই-বাছাই ও দেশের বর্তমান চাহিদা অনুযায়ী প্রযুক্তি উদ্ভাবনের কর্মসূিচ গ্রহণ করাই এ কর্মশালার প্রধান উদ্দেশ্য।

মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি