দরিদ্রদের কাছে আইনের সুবিধা পৌঁছে দিতে হবে
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শোষিত-বঞ্চিত মানুষের কাছে আইনের সুবিধা পৌঁছে দেয়ার জন্য প্রত্যেক আইনজীবীকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত
একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান রচিত ‘এন্টি-জেনেরিক লার্নিং অ্যান্ড রেবিলিয়াস লইয়ারিং : রিফ্লেকশনস অন লিগ্যাল এডুকেশন ইন বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করে সেন্টার ফর অ্যাডভান্সড লিগ্যাল স্টাডিজ ও বিজয় প্রকাশ।
স্পিকার বলেন, প্রচলিত আইনকে আরও প্রাসঙ্গিক ও সুসংহত করে তোলার জন্য প্রয়োজন বিপুল গবেষণা। দরিদ্র মানুষ যেন আইনের সুবিধা পায়, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।
স্বাগত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক মো. রহমত উল্লাহ বলেন, বাংলাদেশে আইনের প্রায়োগিক দিকের পরিবর্তন জরুরি। বর্তমান আইন শিক্ষা ব্যবসা ও মুনাফা নির্ভর হওয়ায় তা জনকল্যাণ নিশ্চিত করে না। যে ধরনের আইন শিক্ষা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ফলপ্রসূ হবে, সেই শিক্ষা জরুরি।
বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য অধ্যাপক ড. এম শাহ আলম বলেন, বাংলাদেশে আইন শিক্ষা পদ্ধতি ও বিচারকদের মানোন্নয়ন করতে হবে। আইনজীবীদের শুধুমাত্র আইন পেশায় জড়িত থাকলেই হবে না, পাশাপাশি তাদেরকে অবশ্যই সামাজিক
ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
গণ-মানুষের অর্থনীতিবিদ আবুল বারকাত বলেন, রেবিলিয়াস লইয়ারিং এর অর্থ কোনো বিপ্লব নয়, আইন শাস্ত্রের প্রতি কোনো অবজ্ঞা নয়। বাংলাদেশের বর্তমান আইন শিক্ষা টেকনিশিয়ান আইনজীবী তৈরি করছে। বিভিন্ন মামলায় প্রধানত ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। আইন শিক্ষায় বহুমুখী জ্ঞানের যোগসূত্র থাকতে হবে।
বই সম্পর্কে বলেন, এই বইয়ের সামগ্রিক ধারণায় সামাজিক ন্যায়বিচারের জন্য সংগ্রামের কথা বলা হয়েছে। অধ্যাপক ড. মিজানুর রহমানকে তিনি আইন দর্শনের একজন রাজনৈতিক অর্থনীতিবিদ হিসেবে অভিহিত করেন।
নিজের বই সম্পর্কে অধ্যাপক মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য রাষ্ট্রের আইনব্যবস্থা ও আইনজীবীদের কেমন হওয়া উচিত এটাই বইটির কেন্দ্রবিন্দু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জমান।
এমএইচ/এমআরএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জকসুর উদ্যোগে ক্যাম্পাসে পরীক্ষামূলকভাবে স্টারলিংক চালু
- ২ নারীদের নিয়ে জামায়াত আমিরের ‘মন্তব্যের’ প্রতিবাদ জবি ছাত্রদলের
- ৩ গণভোট হঠাৎ সিদ্ধান্ত নয়, এর পেছনে দীর্ঘ প্রক্রিয়া রয়েছে
- ৪ বিশ্ব হিজাব দিবসে নারী শিক্ষার্থীদের হিজাব উপহার দিলো রাকসু
- ৫ গণভোট ও জুলাই সনদ নিয়ে অপপ্রচার হচ্ছে: অধ্যাপক আলী রীয়াজ