ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

চাকসুর ক্যাফেটেরিয়া সম্পাদকের ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | চবি | প্রকাশিত: ০৩:১৩ পিএম, ৩১ মার্চ ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ক্যাফেটেরিয়া ও পাঠাগার সম্পাদক মাসুম বিল্লার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন চাকসু নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন করেন তারা। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার এবং ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করার দাবি জানানো হয়।

মানবন্ধনে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, চাকসুর ক্যাফেটেরিয়া সম্পাদকের ওপর হামলার ১৭-১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই, যা উদ্বেগজনক। অতীতের ঘটনাগুলোরও সুষ্ঠু বিচার হয়নি এবং অনেক চিহ্নিত হামলাকারী এখনও গ্রেফতার হয়নি। হামলার দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষার্থীরা আন্দোলনে নামতে বাধ্য হবে।

চাকসু এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ৫ আগস্টের পর সংঘটিত একাধিক সন্ত্রাসী ঘটনার কোনো সুষ্ঠু সমাধান করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবে সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্বল নয়। শিক্ষার্থীদের কোনো সমস্যা হলে আমরা সম্মিলিতভাবে প্রতিহত করবো।

চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক মো. ফজলে রাব্বি তৌহিদ বলেন, অনেক সময় সন্ত্রাসীদের আটক করেও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়, যা কোনো আইনে গ্রহণযোগ্য নয়। সন্ত্রাসীদের আটক করলে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। আমরা ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

মোস্তাফিজুর রহমান/কেএইচকে/এএসএম