জবিতে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন
শিক্ষক আবু হানিফকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ করেন জবি শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের শিক্ষক আবু হানিফকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে শুরু করে শান্তচত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি শেষ হয়।
সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ১৭ মার্চ আমাদের বিভাগের শিক্ষক আবু হানিফকে লাঞ্ছিত করেন এক ছাত্র সংগঠনের আহ্বায়ক। এ বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার দাবি করেন শিক্ষার্থীরা। পাশাপাশি ক্যাম্পাসে অছাত্রদের নেতৃত্বকে নিমূল করার আহ্বান জানান তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী সিফাত ফয়সাল বলেন, যে প্রশাসন শিক্ষককে নিরাপত্তা দিতে পারে না, তারা কী করে শিক্ষার্থীদের নিরাপত্তা দেবে। আগের দমন পীড়নের রাজনীতি যদি এখনো চলে তাহলে আমাদের ফোন আবাও চেক করা হবে। আমরা তা চাই না।
আরও পড়ুন
জবির ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন চেয়ারম্যান ড. মুহাম্মদ নূরুল্লাহ
গণভোটে কেন নয়ছয়: ভিপিপ্রার্থী রাকিব
একই বিভাগের শিক্ষার্থী সাজিউল ইসলাম সৈকত বলেন, আজ বিবেকের তাড়নায়, নৈতিকতার পক্ষে আমরা দাঁড়িয়েছি। যে শিক্ষক আমাদের সত্যের পথ দেখান সে শিক্ষক আজ লাঞ্ছিত। আমরা প্রশাসনকে জানাতে চাই হেনস্থাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিন।
এর আগে, গত ১৭ মার্চ গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার টিএসসি এলাকায় চা পান শেষে ক্যাম্পাসে ফিরছিলেন। এ সময় তার সঙ্গে ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার আহম্মদ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নঈম আকতার সিদ্দিক। বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর এলাকায় পৌঁছালে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে কয়েকজন তাদের পথরোধ করেন। এ সময় হিমেল তার ব্যক্তিগত পরিচয় এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তোলেন বলে অভিযোগ রয়েছে।
টিএইচকিউ/কেএসআর