ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট : যাত্রীদের দুর্ভোগ

প্রকাশিত: ০৪:৫১ এএম, ৩০ মে ২০১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ময়নামতি থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার ভোর থেকে শুরু হওয়া এ যানজটের কবলে পড়েছে কয়েক হাজার যাত্রী ও পণ্যবাহী যানবাহন।

এছাড়াও রোগীবাহী অনেক অ্যাম্বুলেন্সও মহাসড়কে আটকে থাকতে দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে যাত্রীদের অনেকটা নাকাল অবস্থার সৃষ্টি হয়েছে। মহাসড়কের কিছু অংশে ফোর লেনের কাজ চলছে। এক লাইনে অতিরিক্ত গাড়ির চাপের কারণেই এ যানজটের সৃষ্টি হয়েছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহনের যাত্রী মো. জালাল উদ্দিন জানান, সকাল ৮টার দিকে তিনি কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে হয়েছেন। মাত্র ১০ কিলোমিটার দূরে কাবিলা এলাকায় এসে যানজটের কবলে পড়ে সকাল পৌনে ১০টা পর্যন্ত সেখানেই অবস্থান করছেন।

ঢাকাগামী স্টার লাইন পরিবহনের অপর যাত্রী এমরান হোসেন জানান, প্রায় ৩ ঘণ্টা যাবত তিনি কুমিল্লার চান্দিনা এলাকায় যানজটে পড়ে রয়েছেন।

যানজটের কবলে থাকা কুমিল্লার ব্যবসায়ী আবুল খায়ের জানান, ভোর সাড়ে ৬ টায় তিনি প্রাইভেটকার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে সকাল ১০টার দিকে দাউদকান্দি টোল প্লাজায় পৌঁছান।

এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, অতিরিক্ত গাড়ির চাপের কারণে মহাসড়কে এ যানজটের সৃষ্টি হলেও এখন ধীর গতিতে গাড়ি চলাচল করছে।

তিনি আরও বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে। দুপুরের মধ্যেই এ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

কামাল উদ্দিন/এসএস/এমএস

আরও পড়ুন