ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২২

প্রকাশিত: ০৯:২১ এএম, ২৭ জুন ২০১৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদী বেষ্টিত দুর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়ায় অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ১২ জন গুলিবিদ্ধসহ অন্তত ২২ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকাল ৮টা হতে দুপুর পর্যন্ত কয়েক দফায় গোলাগুলি ও সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে কালাপাহাড়িয়া এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।  

জানা গেছে, মেঘনা নদী হতে বালু উত্তোলন নিয়ে গত কয়েক বছর ধরেই আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়ার স্থানীয় আওয়ামী লীগের সাত্তার ও জয়নাল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারা উভয়ে স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবুর অনুগামী লোক বলে জানা গেছে।

সোমবার সকাল ৮টায় সাত্তার বাহিনীর বালু উত্তোলনের ড্রেজার মেঘনার কদমীর চর এলাকা হতে ঈদগাহ এলাকায় এসে পড়ে। এ সময় জয়নাল বাহিনীর লোকজনও একই স্থানে ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু করে। এ নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও পরে হাতাহাতি ঘটে।

এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে একে অন্যের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় সংঘর্ষ। ওই সময় উভয় পক্ষের লোকজন অবৈধ অস্ত্র নিয়ে একে অন্যকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় জয়নালের একটি ড্রেজার পুড়িয়ে দেয়া হয়।
 
দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন গুলিবিদ্ধসহ ২২ জন আহত হন। তাদের মধ্যে গুলিবিদ্ধ খলিল, রুবেল, জলিল, ডালিম, ইয়াছিন, ইউসুফ, হালিম, আক্তার, মনির, আলম, দাউদ ও জয়নালসহ গুলিবিদ্ধ আরো ১০ জনকে কুমিল্লা, সোনারগাঁ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি শান্ত করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
শাহাদাত হোসেন/এসএস/এমএম

আরও পড়ুন