ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় জামায়াতে যোগ দিলেন বিএনপির ১৫ নেতাকর্মী

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৭:১৯ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

কুমিল্লার নাঙ্গলকোটে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৫ নেতাকর্মী। শনিবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ন ২ নম্বর হেসিয়ারা ওয়ার্ড আয়োজিত দাঁড়িপাল্লার নির্বাচনি পথসভায় আনুষ্ঠানিকভাবে তারা দলটিতে যোগ দেন। এসময় যোগ দেওয়া নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন জামায়াত প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত।

খোঁজ নিয়ে জানা যায়, বাঙ্গড্ডা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড নুরপুর গ্রামের বিএনপি নেতা আবু বকর ও বেরী গ্রামের বিএনপি নেতা আছমত উল্লাহর নেতৃত্বে নুরপুর গ্রামের যুবদল কর্মী মানিক মিয়া, ছাত্রদল কর্মী মেহেদী হাসান, হেসিয়ারা গ্রামের যুবদল কর্মী খোকন মিয়া, জাহাঙ্গীর আলম, মহসীন আহমেদ, রেজাউল করিম, হাসান আহমেদসহ ১৫ জন নেতাকর্মী জামায়াতে যোগদান করেন।

যোগদানের বিষয়ে ছাত্রদল নেতা মেহেদী হাসান বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। জামায়াতে ইসলামীর সুশৃঙ্খল দল হওয়ায় আমি তাদের সঙ্গে যুক্ত হয়েছি।

এ বিষয়ে মাওলানা ইয়াছিন আরাফাত বলেন, জামায়াতে ইসলামী একটি দেশপ্রেমিক ও আদর্শিক সংগঠন। সকল সচেতন ও দেশপ্রেমিক জনতাকে নিয়ে জামায়াতে ইসলামী জনগণের জন্য কাজ করবে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যাংকার ড. দেলোয়ার হোসাইন, নাঙ্গলকোট উপজেলা জামায়াত নায়েবে আমির মাওলানা ইউসুফ আলী, কুমিল্লা শ্রমিক পরিবহন নেতা নজরুল ইসলাম সেলিম, ডা. সাইফুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড সভাপতি ডা. মাকসুদ, সেক্রেটারি সাবেক সার্জেন্ট অহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জাহিদ পাটোয়ারী/কেএইচকে/জেআইএম