ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হুইপ জি কে গউছ

দেশকে ধ্বংসস্তূপ থেকে বের করে সুন্দর করে গড়ে তোলা হবে

জেলা প্রতিনিধি | হবিগঞ্জ | প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২৬ মার্চ ২০২৬

জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ বলেছেন, দেশটাকে ধ্বংসস্তূপ থেকে বের করে সুন্দর করে গড়ে তোলা হবে। আমরা এ দেশে জন্মগ্রহণ করে গর্বিত এবং প্রমাণ করেছি যে নিজের জীবনের চেয়েও দেশকে বেশি ভালোবাসি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে কুচকাওয়াজে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশকে দাবিয়ে রাখার জন্য দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনো ষড়যন্ত্রই দীর্ঘস্থায়ী হয়নি। এখন সময় এসেছে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার। সকলকে দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন হুইপ জি কে গউছ। এ সময় তার সঙ্গে ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এবং পুলিশ সুপার মো. তারেক মাহমুদ। কুচকাওয়াজে পুলিশ, আনসার ও ভিডিপি ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ‘দুর্জয় হবিগঞ্জ’ স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন হুইপ জি কে গউছ। এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেএইচকে/এমএস