ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজি-মুরগির দাম

জেলা প্রতিনিধি | বরিশাল | প্রকাশিত: ১০:২৯ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২৬

বরিশালে সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজিতে ৫-২০ টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। তবে এসব সবজি পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে কেজিপ্রতি ১০-৩৫ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বরিশালের বহুমুখী সিটি মার্কেট ও কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচ গত সপ্তাহে ৮০-৮৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৯০-৯৫ টাকা বিক্রি হচ্ছে, শিম (কালো) গত সপ্তাহে ৩০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৪০ টাকা, সাদা শিম গত সপ্তাহে ১০-১২ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ১৬ টাকা, ফুলকপি গত সপ্তাহের দামে ৩০ টাকা, বাঁধাকপি সপ্তাহে ৮-১০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ১৫ টাকা, শসা গত সপ্তাহে ৫০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৫ টাকা কমে ৪৫ টাকা, বেগুন গত সপ্তাহে ৩৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৪০ টাকা, করল্লা গত সপ্তাহে ৪০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৬০ টাকা, পেঁপে গত সপ্তাহের দামে ১৫-২০ টাকা, লাউ ২০-২৫ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, টমেটো গত সপ্তাহের দামে ৩০ টাকা, গাজর গত সপ্তাহে ২৫ টাকা, কাঁচকলা ১২-১৪ টাকা ও লেবু ৩৫ টাকা হালি বিক্রি হচ্ছে।

এদিকে পোর্ট রোড বাজার, বাংলাবাজার বাজার, সাগরদী বাজারসহ বেশকিছু খুচরা বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচ ১২০-১৩০ টাকা, ফুলকপি ৪০-৪৫ টাকা, বাঁধাকপি ২০ টাকা, শিম ৫০-৫৫ টাকা, শসা ৬০ টাকা, বেগুন ৫০ টাকা, করল্লা ৭০ টাকা, পেঁপে ৩০ টাকা, লাউ ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, টমেটো ৫০ টাকা, গাজর ৪০ টাকা, কাঁচকলা ২৫ টাকা ও লেবু ৪০ টাকা হালি বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজি-মুরগির দাম

এছাড়া মাংসের বাজারে ব্রয়লার মুরগি গত সপ্তাহে ১৬০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ১৭০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া সোনালি মুরগি ২৬০-২৭০ টাকা, লেয়ার মুরগি ২৫০-২৭০ টাকা দরে। গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অপরদিকে বিভিন্ন মাছ গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে। এর মধ্যে রুই মাছ ৩০০-৪৫০ টাকা, টেংরা মাছ ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১২০-১৪০ টাকা, পাঙাশ মাছ ১৮০-২২০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৫৫০-৮৫০ টাকা, পাবদা ২৫০-৪০০ টাকা, মাঝারি ভেটকি ৪০০ টাকা।

নগরীর বাংলাবাজারের খুচরা সবজি বিক্রেতা তৌহিদ জাগো নিউজকে জানান, এখন সব সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় দামও স্থিতিশীল রয়েছে। তবে পাইকারি বাজারের তুলনায় খুচরা সবজির দাম কিছুটা বেশি হবে। কারণ পাইকারি বাজার থেকে সবজি কিনে লেবার খরচ, ভ্যান ভাড়া দিয়ে সবজি আনতে হয়। পরে বাজারে বিক্রি করতে হলে ইজারা, বিদ্যুৎ বিল দিতে হয়।

শাওন খান/আরএইচ/এমএস