ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কোস্টগার্ড মহাপরিচালক

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা প্রস্তুত

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৬:১৫ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কোস্টগার্ড সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা সদরের মধ্য ইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক বলেন, ভোলা জেলার প্রতিটি স্থানে কোস্টগার্ডের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সাধারণ মানুষ যাতে নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ তৈরিতে আমরা কাজ করছি। কোনো দুষ্কৃতকারী যদি ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তবে তাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনি নিরাপত্তায় এবার বেশ কিছু আধুনিক প্রযুক্তির ব্যবহারের কথা জানিয়ে তিনি বলেন, চরাঞ্চলসহ দুর্গম এলাকায় নজরদারির জন্য আমরা ড্রোন ব্যবহার করব। এছাড়া ভোলার বিচ্ছিন্ন চরাঞ্চলের ভোটার ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুতগামী বোট এবং লঞ্চের বিশেষ ব্যবস্থা রাখা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. আরিফ হোসেন, ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, ভোলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারসহ প্রমুখ।

জুয়েল সাহা বিকাশ/কেএইচকে/এএসএম