ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য সবাই কমিটেড

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০৮:২৯ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলেই কমিটেড বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউসে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত সেলসহ বিভিন্ন সদস্যদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইসি মাছউদ বলেন, পরিস্থিতি ভালো রয়েছে। নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ কাজ করছে। এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না। আমাদের সব রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, নির্বাচনের কাজে নিয়োজিত প্রায় ১৮ লক্ষ কর্মকর্তা-কর্মচারী, আমাদের পুলিশ বাহিনী, আমাদের সেনাবাহিনী, আমাদের বিজিবি, আমাদের আনসার-সবাই এখন কমিটেড। যে জাতিকে একটা ভালো নির্বাচন দেওয়ার জন্য যে ধরনের মানসিকতা দরকার, তাদের মধ্যে সেই মানসিকতা আমরা লক্ষ্য করেছি।

রাজনৈতিক দলগুলোর উদ্যেশ্যে ইসি বলেন, এখন যারাই মুভমেন্ট করে, সবকিছু নির্বাচনের প্রতিকূল যায়। আমাদের তরফ থেকে স্পষ্ট বার্তা হবে যে, আমরা এ ধরনের সব মুভমেন্টের বিরোধী। আমরা তাদের আহ্বান জানাবো যে, আপনারা নির্বাচনবান্ধব, একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয়, যেন একটা সুষ্ঠু পরিবেশ থাকে।

সভায় জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য, রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা অংশ নেন।

জিতু কবীর/আরএইচ/এএসএম