ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আসিফ মাহমুদ

একটি দল বলছে ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না, মানে পরে শুরু হবে

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৯:৩৩ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ১২ তারিখের পর চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পাওয়ার জন্য সব ধরনের ত্যাগ স্বীকার করে যাচ্ছি। একটি দল তার নেতাকর্মীদের বলছে, ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা যাবে না। তার মানে ১২ তারিখের পর শুরু করবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে দলটির প্রার্থী খন্দকার আনোয়ার হোসেনকে বসিয়ে দিয়ে এনসিপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে সমর্থন দেওয়া হয়েছে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও বলেন, ‌‘তারা শকুনের মতো অপেক্ষা করছে। দাঁতে ধার দিয়ে বসে আছে। ১২ তারিখের পরেই ঝাঁপিয়ে পড়বে।’

তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দলের প্রধান আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনার সন্তানকে রাজনীতিতে ফিরিয়ে আনার কথা বলছেন। জনগণ চাইলে নাকি ফিরিয়ে আনা হবে। জনগণ চাইলে ৫ আগস্টে তাকে বিতাড়িত করতো না।’

অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, ‘জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধা করি। তিনি একটাই ভুল করেছিলেন—শেখ হাসিনাকে তিনি ফিরিয়ে এনেছিলেন। আমরা কোনোভাবেই আপনাদেরকে আওয়ামী লীগকে ফেরত আনার সুযোগ দেবো না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে হলেও আওয়ামী লীগের ফিরে আসা থামাবে।’

এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিনসহ জামায়াত, খেলাফত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস