লালপুরে বিএনপি-স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ২
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়ায় নির্বাচন পরবর্তী বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া যৌথ বাজিনী অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার ওয়ালিয়া নতুন বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের ৭ জন আহত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে উপজেলার ওয়ালিয়া নতুন বাজারে বিএনপির নব নির্বাচিত সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল গ্রুপ ও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু গ্রুপের মধ্যে নির্বাচনে পক্ষপাতিত্বের বিষয় নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। এর এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে হাতাহাতি হয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বিএনপির নব নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল গ্রুপের ৩ জন ও বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু গ্রুপের ৪ জন আহত হয়। এ সময় ২ জনকে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত হলেন- নব-নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের (ধানের শীষের) সমর্থক উপজেলার ওয়ালিয়া গ্রামের মৃত সেকেন্দার প্রামানিকের ছেলে তৈইজাল (৪৬), নূর মোহাম্মদের ছেলে কাজল (২৪), আমির আলীর ছেলে ছাব্বির (১৯)।
অপরদিকে বিএনপির বহিষ্কৃত নেতা অ্যাড. তাইফুল ইসলাম টিপুর কলস প্রতীকের সমর্থক ওয়ালিয়া গ্রামের সিপার আমিনের ছেলে বিজয় আমিন (২৮), আশরাফ আলীর ছেলে আউলিয়া (৫৫), আউলিয়ার ছেলে আহমেদ (৩০) ও ইমরান হোসেন (২৭)।
এদিকে আহতদের পুলিশ উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে পাঠান এবং অবরুদ্ধ দুজনকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। পরে রাত সাড়ে ১১ টার দিকে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ওয়ালিয়া বাজারের আউলিয়ার চাউলের দোকান থেকে একটি চাইনিজ কুড়াল একটি দেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে, পুলিশসহ যৌথ বাহিনী অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আটক দুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে।
রজাউল করিম রেজা/এনএইচআর/এএসএম