পিরোজপুরে দুই আসনের ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
পিরোজপুর জেলার ৩টি সংসদীয় আসন। এর মধ্যে ২টি আসনের ১৩ জন প্রার্থীর মধ্যে ৮ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান।
পিরোজপুর-২ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জন এবং পিরোজপুর-৩ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জন জামানত হারিয়েছেন।
পিরোজপুর নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পিরোজপুর-২ আসনে মোট ভোটার ৪ লাখ ৯ হাজার ২৮৮ জন। এর মধ্যে বৈধ ভোট প্রদানের সংখ্যা ২ লাখ ৩০ হাজার ২৩৮। যার আট ভাগের এক ভাগ ২৮ হাজার ৭৭৯ ভোটের কম ভোট পাওয়ায় এ আসনে ৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
এ আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন- বিএনপির বিদ্রোহী ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহামুদ হোসেন, প্রাপ্ত ভোট ১৬ হাজার ২১৯, তার আপন ভাই জেপির সাইকেল প্রতীকের প্রার্থী মাহিবুল হোসেন, প্রাপ্ত ভোট ৪ হাজার ৭০৫, ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ, প্রাপ্ত ভোট ৬ হাজার ৬৯৭ ভোট, ঈগল প্রতীকের প্রার্থী ফয়সাল খান, প্রাপ্ত ভোট ৩৯০ এবং গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী আনিসুর রহমান মুন্না, প্রাপ্ত ভোট ১৪৫।
পিরোজপুর-৩ আসনে মোট ভোটার ২ লাখ ৪১ হাজার ৩৬০ জন, এর মধ্যে বৈধ ভোট প্রদানের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৯৮৭। যার আট ভাগের এক ভাগে ১৭ হাজার ১২৩ ভোটের কম ভোট পাওয়ায় এ আসনে ৩ জন জামানত হারিয়েছেন।
এ আসনে জামানত হারানো প্রার্থীরা হলেন- জাসদের মোটর গাড়ি প্রতীকের প্রার্থী করিম সিকদার, প্রাপ্ত ভোট ২১২, ফুটবল প্রতীকের প্রার্থী মো. তৌহিদুজ্জামান, প্রাপ্ত ভোট ২৩১ ভোট এবং জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মাশরেকুল আযম (রবি), প্রাপ্ত ভোট ১৬৯।
মো. তরিকুল ইসলাম/এনএইচআর/এএসএম