ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে হাওরের ফসলরক্ষা বাঁধে অনিয়ম ও ধীরগতির প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০১:১৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

সুনামগঞ্জে হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম, লাগামহীন দুর্নীতি ও কাজের ধীরগতির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ শহরের আলফত স্কয়ারে ‘হাওর বাঁচাও আন্দোলন’-এর জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, হাওরে বোরো ধানের চারা রোপণের কাজ অনেক আগেই শেষ হয়েছে। কিন্তু বাঁধ নির্মাণ কাজ চলছে ধীরগতিতে। কাজে ব্যাপক অনিয়ম, লাগামহীন দুর্নীতি হচ্ছে। অপ্রয়োজনীয় ও অক্ষত বাঁধে গেল বছরের চেয়ে অতিরিক্ত বরাদ্দ প্রদান করে সরকারের টাকার অপচয় করা হচ্ছে।

তারা বলেন, উন্নয়ন বোর্ড বাঁধের কাজ অধিকাংশ হয়েছে দাবি করলে প্রকৃতপক্ষে অর্ধেক কাজও হয়নি। আগাম বন্যা আসলে বোরো ফসল ঝুঁকিতে পড়তে পারে।

এসময় হাওর বাঁচাও আন্দোলনের জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুরঞ্জিত গুপ্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, লেখক সুখেন্দু সেন, সাধারণ সম্পাদক বিজন রায়, জেলা কমিটির সহ-সভাপতি আলী নূর, সাংগঠনিক সম্পাদক শহীদ নূর আহমেদ প্রমুখ।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, বাঁধের কাজে কোনো অনিয়ম-দুর্নীতি হয়নি। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্ত করে দেখা হবে। বাঁধের কাজ মঙ্গলবার পর্যন্ত ৬৮ ভাগ কাজ হয়েছে। পুরোদমে কাজ চলছে। আমরা আশা করছি, সময়মতো কাজ শেষ হবে।

লিপসন আহমেদ/কেএইচকে/এএসএম