ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে দুই গৃহবধূকে পিটিয়ে জখম

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৬:৪৫ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬

নাটোরের গুরুদাসপুরে মিথ্যা অপবাদের প্রতিবাদ করায় দুই গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নাজিরপুরের কারিগরপাড়া গ্রামের ওই ঘটনায় আহত দুই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, গত সোমবার প্রতিবেশী আব্দুর রাজ্জাকের স্ত্রী মনোয়ারা বেগমের সঙ্গে জাহাঙ্গীরের স্ত্রী সাহিনা বেগমের কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জেরে বৃহস্পতিবার প্রতিবেশী আরিফ, তামিম ও মনোয়ারা পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে জাহাঙ্গীরের স্ত্রী শাহিনা বেগম (৩২) ও শরিফুলের স্ত্রী রিনা (৩৫) বেগম গুরুতর আহত হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত শাহিনার স্বামী জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। তুচ্ছ ঘটনায় হামলাকারীরা তার স্ত্রী ও প্রতিবেশী রিনা বেগমকেও মারপিট করেছে। তিনি অভিযুক্তদের বিচার দাবি করেন।

অভিযুক্ত আরিফ হোসেন মুঠোফোনে দাম্ভিকতা করে জানান, গত সোমবার শাহিনা ও রিনা আমার মা মনোয়ারাকে মারপিট করে। এ ঘটনায় আমি কি তাদের ছেড়ে দেবো?

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমিন জাহান লুনা জানান, মারামারির ঘটনায় আহত দুই নারী চিকিৎসা নিতে এলে তাদের ভর্তি করা হয়েছে। তাদের মাথা, পা ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

রেজাউল করিম রেজা/এমআরএম