ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আরিফুল হক চৌধুরী

অল্প সময়ের মধ্যেই প্রবাসীদের প্রত্যাশা পূরণে কাজ শুরু করবো

জেলা প্রতিনিধি | সিলেট | প্রকাশিত: ১০:০২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলছেন, বিমানবন্দরের সম্প্রসারণ কাজের ধীরগতি, কার্গো ফ্লাইট বন্ধ এবং কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার বিষয় আমাদের মাথায় আছে। আমরা দায়িত্ব নিয়ে ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা করেছি। ১৮০ দিন পর আপনাদের সামনে অগ্রগতির চিত্র তুলে ধরবো।

তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যেই প্রবাসীদের প্রত্যাশা পূরণে কাজ শুরু করবো।

মন্ত্রিত্ব পাওয়ার পর প্রথমবার সিলেটে এসে সাংবাদিকদের এসব কথা বলেন আরিফুল হক চৌধুরী। পাঁচ দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুন ২টা ১৫ মিনিটে তিনি ঢাকা থেকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এসময় সিলেটের সামগ্রিক উন্নয়ন নিয়ে শিগগির জেলার সব সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসার কথা জানিয়েছেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফ বলেন, ‘সিলেটের উন্নয়নের জন্য আগামী দু-চারদিনের মধ্যে সব এমপি ও মন্ত্রীদের নিয়ে বসবো। এলাকার যেসব সমস্যা আছে, তা নিয়ে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেবো।’

মন্ত্রিত্ব পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমি প্রথমে আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এটি আমার একার সম্মান নয়—সিলেটবাসীর সম্মান।’

প্রবাসী অধ্যুষিত অঞ্চল হিসেবে সিলেটের গুরুত্ব তুলে ধরে আরিফুল হক বলেন, ‌‘ঢাকা বিমানবন্দরে আন্তর্জাতিক সেবা কেন্দ্র থাকলেও সিলেটে তেমন সুবিধা নেই। অল্প সময়ের মধ্যেই প্রবাসীদের প্রত্যাশা পূরণে কাজ শুরু করবো।’

মন্ত্রী বলেন, রাস্তাঘাট, বিমানবন্দর ও অন্যান্য অবকাঠামোগত সমস্যার সমাধানেও সমন্বিত উদ্যোগ হবে। সময় খুব বেশি নেই। কাজ শুরু করতে হবে এখনই।

আহমেদ জামিল/এসআর/জেআইএম