ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঘুস-পার্সেন্টেজ নেবো না, নিতেও দেবো না: এমপি ফখরুল

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৬:৫১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

নোয়াখালী-৫ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম বলেছেন, আমি কোথাও থেকে ‌‘ঘুস-পার্সেন্টেজ’ নেবো না। আমার এলাকায় কেউ নেবে তাও হতে দেবো না। এলাকার উন্নয়নের প্রশ্নে এসব বন্ধের আহ্বান জানাই।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা পর্যায়ের সব দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠকে তিনি এ আহ্বান জানান।

ফখরুল ইসলাম বলেন, ‘চোর, ডাকাত, তদবিরবাজ, চাঁদাবাজ, মাদক, সালিশ বাণিজ্যকারী আমার দলের হলেও কাউকে ছাড় নেই। এসব নির্মূলে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনগণের সেবা প্রদানের প্রশ্নে কোনো অনিয়মকে সহ্য করা হবে না।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি-কৃষক কার্ডসহ যেসব প্রকল্প হাতে নিয়েছেন, তা যেন দুর্নীতিমুক্তভাবে জনগণ উপভোগ করতে পারে সে ব্যবস্থা করতে হবে। বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তাসহ সব ভাতা উপকারভোগীরা যেন ঘুস ছাড়া নিতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে।

ফখরুল ইসলাম বলেন, উপজেলা প্রকৌশল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এবং পৌরসভাসহ যেসব দপ্তরে উন্নয়ন কর্মকাণ্ড হয়, সেখানে এমপির নামে কোনো পার্সেন্টেজ নেওয়া যাবে না। ঘুস বাণিজ্যও বন্ধ করতে হবে।

নবনির্বাচিত এই এমপি আরও বলেন, ‘কোম্পানীগঞ্জের দক্ষিণাঞ্চলে অবৈধ বালু উত্তোলন-ব্যবসা বন্ধসহ নদীভাঙন রোধ এবং এলাকার গরু-মহিষ চুরি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আমরা জনগণের পাহারাদার। তাদেরকে শান্তিতে ঘুমাতে দিতে চাই।’

ভূমি অফিসে সেবাগ্রহীতারা জমা-খারিজ ও মিসকেস জটলায় পড়েছে জানিয়ে তিনি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যানজট রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রশাসনের যেসব সমস্যা রয়েছে তাও সমাধানের চেষ্টা করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেমসহ প্রশাসনের ৩৭ দপ্তরের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম