ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভারতে যাওয়ার চেষ্টাকালে ৩ শিশু আটক

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৬:৪০ পিএম, ০৩ মার্চ ২০২৬

নীলফামারীর ডোমার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তিন শিশুকে আটক করেছে বিজিবি।

সোমবার (২ মার্চ) দিবাগত রাতে উপজেলার ডাঙ্গাপাড়া সিমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাদের আটক করা হয়। তারা তিনজনই ভিন্ন জেলার। কাজের উদ্দেশে গোপনে তারা ভারতে প্রবেশের চেষ্টা করেছিল।

আটক তিন শিশু হলো- নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ আদমজি ইপিজেড এলাকার ইসরাফিলের ছেলে ইরফান আলী (১২), ঢাকার কোনাবাড়ি এলাকার আক্তারের ছেলে সাজ্জাদ হোসেন (১৩) এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার নতুন বাসতলা এলাকার আবুল কালামের ছেলে মোহাম্মদ সাব্বির (১০)।

স্বজনদের অগোচরে তারা কাজের উদ্দেশে ভারতে যাওয়ার পরিকল্পনা করে বাড়ি থেকে পালিয়ে আসে। রাজশাহীতে একে অপরের সঙ্গে পরিচয় হয়ে বন্ধুত্ব গড়ে ওঠে। দিনের বেলায় ট্রেনে চিলাহাটি পৌঁছালেও সীমান্ত অতিক্রমের আগেই বিজিবির হাতে আটক হয়। ওই তিন শিশুর বাবাই অন্যত্র বিয়ে করায় দীর্ঘদিন ধরে তারা বাবার স্নেহ ও খোঁজ থেকে বঞ্চিত ছিল।

সাব্বির জানায়, তার মা মারা গেছেন এবং বাবা অন্যত্র বিয়ে করে খোঁজ নেন না। স্বজনদের সঙ্গে থাকলেও কাউকে না জানিয়ে সে বাড়ি ছাড়ে। রাজশাহীতে গিয়ে অন্য দুই শিশুর সঙ্গে পরিচয় হয় এবং পরে তারা বন্ধু হয়ে এক সঙ্গে ভারতে যাওয়ার পরিকল্পনা করে।

ইরফান জানায়, তার বাবাও দ্বিতীয় বিয়ে করে আলাদা হয়ে গেছেন। আত্মীয়দের সঙ্গে স্থায়ীভাবে না থাকায় সে কাজের সন্ধানে ভারতে যাওয়ার চেষ্টা করছিল।

সাজ্জাদ জানায়, তার বাবা দ্বিতীয় বিয়ে করে চলে গেছেন এবং মা কাজের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। বাবা খোঁজ না নেওয়ায় তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। পরে বন্ধুদের সঙ্গে ভারতে কাজের উদ্দেশে রওনা দেয়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, তিন শিশু তিন জেলার হলেও তারা নিজেদের বন্ধু বলে পরিচয় দিয়েছে। বর্তমানে তারা থানা হেফাজতে হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।

আমিরুল হক/এএইচ/এমএস