ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মজুরি বাড়ানোর দাবিতে পৌরসভার শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০৩ মার্চ ২০২৬

মজুরি বাড়ানো, স্বাস্থ্য নিরাপত্তাসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন জয়পুরহাট পৌরসভা শ্রমিক কর্মচারী ইউনিয়নের শ্রমিক ও কর্মচারীরা।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে শহরের শান্তিনগর এলাকার জয়পুরহাট পৌরসভার সামনে মানববন্ধন করেন তারা। এতে পৌরসভার বিভিন্ন শাখার শ্রমিক ও কর্মচারীরা অংশ নেন।

এসময় জয়পুরহাট পৌরসভা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মহন চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত হোসেনসহ অন্যরা।

মানববন্ধনে নেতারা অভিযোগ করেন, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের দিন ২৬৩ জন শ্রমিককে হাজিরা থেকে বঞ্চিত করা হয়েছে। তাদের বেতনও পরিশোধ করা হয়নি। তারা ভোটের দিনের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। পাশাপাশি হাজিরা বাবদ দৈনিক মজুরি ৩৭৫ টাকা থেকে বাড়িয়ে ৫৫০ টাকা নির্ধারণ, কোনো শ্রমিক মারা গেলে তার পরিবারকে পৌরসভার পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান এবং উৎসব ভাতার পরিমাণ বাড়ানোর দাবি জানান তারা।

এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত পৌরসভায় উপস্থিত থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দেন শ্রমিক-কর্মচারীরা।

এ বিষয়ে জয়পুরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাসেম বলেন, শ্রমিক-কর্মচারীদের মানববন্ধনের বিষয়টি তিনি অবগত আছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।

তিনি আরও বলেন, ১২ তারিখ সরকারি ছুটি থাকায় সেদিন কোনো কাজ নেওয়া হয়নি। এছাড়া এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো স্মারকলিপি দেওয়া হয়নি বলে দাবি-দাওয়ার বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।

মাহফুজ রহমান/এসআর/এমএস