সাইফুর রহমানের নামে ফিরছে কবি নজরুল অডিটোরিয়াম
সিলেট নগরীর রিকাবিবাজারে কবি নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন করে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নামে পুনঃনামকরণের নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (৩ মার্চ) অডিটোরিয়ামটি পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের তিনি এ নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সংস্কারের জন্য এম সাইফুর রহমান অডিটোরিয়াম নামেই টাকা বরাদ্দ দিয়েছি। এই নাম সামনে বড় ও স্পষ্ট করে লিখতে হবে, যাতে মানুষের চোখে পড়ে। এতে যদি কিছু অতিরিক্ত ব্যয়ও হয়, তাতেও সমস্যা নেই।’
অডিটোরিয়ামটির প্রথমে নাম ছিল ‘সিলেট অডিটোরিয়াম। পরে চারদলীয় জোট সরকারের আমলে সংস্কার শেষে তৎকালীন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য এম সাইফুর রহমানের নামে নামকরণ করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময়ে ২০০৯ সালে নাম পরিবর্তন করে রাখা হয় ‘কবি নজরুল অডিটোরিয়াম’।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী জানান, বর্তমানে অডিটোরিয়ামটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় থাকলেও যথাযথ তদারকি হচ্ছে না। তাই এটি সিটি করপোরেশনের আওতায় আনার প্রয়োজনীয়তার কথা প্রতিমন্ত্রীকে জানানো হলে তিনি সম্মতি দেন।
তিনি আরও জানান, প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে অডিটোরিয়ামটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দুই কোটি টাকা ইতোমধ্যে বরাদ্দ দিয়েছে। সুষ্ঠু তদারকি নিশ্চিত করতে এখন থেকে অডিটোরিয়ামটির পরিচালনা করবে সিটি করপোরেশন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার প্রমুখ।
আহমেদ জামিল/এএইচ/এমএস