ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৯:২৯ পিএম, ০৫ মার্চ ২০২৬

যশোরে বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। একইসঙ্গে আলোকসজ্জা পরিহার, রাত ৮টার পর দোকানের সাইনবোর্ড বন্ধ রাখা এবং নির্দিষ্ট কিছু খাতের দোকানপাট বন্ধ রাখার বিষয়েও ঐকমত্য পোষণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মিলনায়তনে ‘বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসায়ীদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় যশোরের বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন।

চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিনা প্রয়োজনে বৈদ্যুতিক বাতি, পাখা ও এসিসহ অন্যান্য সব বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখার নির্দেশনা দেন চেম্বারের সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান।

সভায় তানভিরুল ইসলাম সোহান বলেন, বৈশ্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে যশোরে বিদ্যুৎ সাশ্রয়কে গুরুত্বের সঙ্গে দেখা উচিত ব্যবসায়ীদের। প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। বিদ্যুতের অপচয় বন্ধ করে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে খরচ অনেকাংশে কমানো সম্ভব। বিদ্যুৎ অপচয় কমানোর জন্য শহরে মার্কেটে আলোকসজ্জা সীমিত করতে হবে।

মতবিনিময় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বিদ্যুৎ সাশ্রয়ে প্রত্যেক দোকানের ৫০ ভাগ লাইট, এসি বন্ধ রাখা হবে; ভবনে আলোকসজ্জা পরিহার করা হবে, রাত ৮টার পর দোকানসমূহের সাইনবোর্ডের লাইট বন্ধ রাখা হবে এবং বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে সচেতন করার লক্ষে শহরের বিভিন্ন স্থান ও মার্কেটে মাইকিং করা হবে। একইসাথে সভায় মোটর পার্টস, টাইলস ও ইলেকট্রিক দোকানসমূহ রাত ৮টার পর বন্ধ করে দেওয়া হবে।

চেম্বারের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজার সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব, ওজোপাডিকো পরিচালন ও সংরক্ষণ সার্কেল যশোরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অমূল্য কুমার সরকার, দৈনিক লোক সমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, চেম্বারের সহ সভাপতি জাহিদ হাসান টুকুন, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপুসহ যশোরের বিভিন্ন ব্যবসায়ী সেক্টরের নেতৃবৃন্দ।

মিলন রহমান/কেএইচকে/জেআইএম