অতিরিক্ত টাকা দাবি
বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
ঝিনাইদহের কালীগঞ্জে বাফার গোডাউনের ভেতরে সারবোঝাই ট্রাকের দীর্ঘ লাইন/ছবি-জাগো নিউজ
ঝিনাইদহের কালীগঞ্জে ঠিকাদারের প্রতিনিধির খামখেয়ালিপনায় জিম্মিদশায় আটকে আছে সরকারি সারবাহী অর্ধশত ট্রাক। বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশনের (বিসিআইসি) ঝিনাইদহের কালীগঞ্জে বাফার গোডাউনে এমন চিত্র দেখা গেছে। সারবোঝাই ট্রাকের লাইন জমেছে বাফার গোডাউনের ভেতরে।
অভিযোগ উঠেছে, সার লোড-আনলোড খরচ বৃদ্ধি ও ডিলারদের কাছ থেকে ট্রাকপ্রতি অতিরিক্ত টাকা আদায় করতে শ্রমিকদের কাজে নামতে দেওয়া হচ্ছে না।
বৃহস্পতিবার (৫ মার্চ) সরেজমিনে কালীগঞ্জ শহরতলির বিসিআইসি বাফার গোডাউনে অর্ধশতাধিক সারবোঝাই ট্রাক দেখা গেছে।

বিসিআইসি ডিলাররা অভিযোগ করে জানান, সপ্তাহখানেক আগেও সার নিয়ে বাফার গোডাউনে আসার সঙ্গে সঙ্গে লোড-আনলোড করা যেত। এমনকি যেসব ডিলার ডিপো থেকে বাফার গোডাউনে আনা সার একই ট্রাকে করে বাফার গোডাউন থেকে নিজ গোডাউনে নিতেন, তারা বাফার গোডাউন থেকে একটি ছাড়পত্র নিতেন। লোড আনলোড চার্জ দিয়ে ডিলাররা ডিসচার্জ পত্র সংগ্রহ করতেন।
ডিলারদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান হঠাৎ করেই লোড-আনলোড খরচ বাড়ানোর চেষ্টা করছে। তারা শ্রমিদের জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে কাজ করতে বাধা দিচ্ছেন। একে খোলা আকাশের নিচে ট্রাকেই পড়ে আছে হাজার হাজার টন সরকারি সার।
নাম প্রকাশে অনিচ্ছুক শৈলকূপা উপজেলার একজন সার ডিলার বলেন, ‘সারবোঝাই ট্রাক আটকে রেখেছে লোড-আনলোড ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু তারা এটা করতে পারেন না। এমনকি সার পরিবহনের ট্রাকপ্রতি তারা বাড়তি টাকাও দাবি করছেন। বাফার গোডাউন কর্তৃপক্ষকে এসব বিষয়ে জানিয়ে গত ছয়দিনেও কোনো সুরাহা মেলেনি।’
যশোরের নওয়াপাড়া থেকে সারবোঝাই ট্রাক নিয়ে কালীগঞ্জের বাফার গোডাউনে আসা ট্রাকচালক মেহেদী হাসান বলেন, ‘আজ ছয়দিন ট্রাক নিয়ে গোডাউনের সামনে পড়ে আছি। খাওয়া-গোসলের ঠিক নেই। প্রতিদিন বসে থেকে ট্রাকপ্রতি দুজন মানুষের গড়ে খরচ ৫০০-৬০০ টাকা। আমাদের বেতন অল্প, তার ওপর গাড়ি ছয়দিন আটকে আছে। আমাদের কষ্টের কথা কে বলবে?’

আরেক ট্রাকচালক নজরুল ইসলাম বলেন, ‘লোড-আনলোড আটকে দিয়েছেন ঠিকাদারের লোকজন। তারা ডিসচার্জের গাড়ি (ডিলারদের সরাসরি ভাড়া করা) আটকে দেওয়ার চেষ্টা করছেন। গত ২৭ ফেব্রুয়ারি বাফার গোডাউনে এসেছি, কবে ঠিকাদাররা গাড়ি ছাড়বে জানা নেই। ঠিকাদাররা গোডাউনের সরকারি কর্মকর্তাদের কথাও শোনেন না।’
খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার জন্য বিসিআইসির বাফার গোডাউন কালীগঞ্জে অবস্থিত। গত আবাদি মৌসুমে জেলায় সারের কৃত্রিম সংকট ছিল ব্যাপক। কৃত্রিম সংকটের নেপথ্যে একটি শক্তিশালী সিন্ডিকেট জড়িত রয়েছে বলে অভিযোগ দীর্ঘদিনের। রাজনৈতিক পালাবদল কিংবা ক্ষমতার পালাবদল—দেশে যা-ই ঘটুক না কেন, সার সংকট সিন্ডিকেটের হোতারা থাকেন অধরা।
এসব অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান সিলেটের শাহজালাল কনস্ট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী রাজু আহমেদ জাগো নিউজকে বলেন, ‘সার লোড-আনলোড না হওয়ার কোনো সুযোগ নেই। আমার জানামতে, কালীগঞ্জের বাফার গোডাউনে একটা ট্রাকও দাঁড়িয়ে থাকার কথা নয়।’
এসময় প্রতিবেদক ‘বাফার গোডাউনের সামনে অসংখ্য সারবোঝাই ট্রাক অপেক্ষমাণ রয়েছে’—এমন ছবি ঠিকাদারকে পাঠানোর কথা বললে ঠিকাদার বলেন, ‘আমার কাজ মূলত কালীগঞ্জে। দেখাশোনা করে রাবেয়া এন্টারপ্রাইজ। যার মালিক শাহাজান রোমা ভাই। আমি তার সঙ্গে কথা বলে দেখছি এ বিষয়ে কী করা যায়।’

এ বিষয়ে রাবেয়া এন্টারপ্রাইজের প্রতিনিধি ও কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম পারভেজ বলেন, ‘এখানে কোনো গাড়ি আটকানো হয়নি। গাড়ি কেন গোডাউনে দাঁড়িয়ে আছে, সেটা ট্রাকের ড্রাইভার-হেলপাররা বলতে পারবেন।’
লোড-আনলোড খরচ বাড়ানোর উদ্দেশ্যে গোডাউনে কর্মরত শ্রমিকদের ভয় দেখানো হচ্ছে কি-না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গোডাউনে শ্রমিকরা কাজ করছে। মাল লোড হচ্ছে।’
এদিকে বক্তব্য নেওয়া শেষে ক্যামেরা নিয়ে গোডাউনের গেটের দিকে সংবাদকর্মীরা রওয়ানা হওয়ার খবরে শ্রমিকদের গোডাউনে প্রবেশ করাতে তোড়জোড় শুরু করেন ঠিকাদারের প্রতিনিধিরা। এসময় তাৎক্ষণিকভাবে কয়েকটি ট্রাক গোডাউনের সামনে এনে লোড আনলোড করেন ঠিকাদারের শ্রমিকরা।’
তবে এসব বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি বাফার গোডাউনের সহকারী প্রধান হিসাবরক্ষণ কমকর্তা মো. অহিদুর রহমান।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. কামরুজ্জামান বলেন, ‘মঙ্গলবার (৩ মার্চ) এ ধরনের খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তাকে বাফার গোডাউনে পাঠানো হয়। কিন্তু আজ পর্যন্ত সারবোঝাই ট্রাক আটকে আছে সেটা আমার জানা ছিল না। সরকারি গোডাউনে সরকারি সার আটকে রাখার সুযোগ নেই। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
এম শাহাজান/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ