ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে বাণিজ্যমন্ত্রী

যুদ্ধের প্রভাবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০১:১৮ পিএম, ১০ মার্চ ২০২৬

ইরান-ইসরায়েল যুদ্ধে বাণিজ্যে কিছু প্রভাব পড়বেই। সাগরপথ যদি দীর্ঘদিন বন্ধ থাকে তাহলে নৌপথে পরিবহন খরচ বাড়বে। তবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন বস্ত্র ও পাট, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের এম এ রুপ জুনিয়র স্কুল মাঠে নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের সময় দীর্ঘদিন বিনিয়োগে বন্ধ্যাত্ব ছিল। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হয় না। কর্মসংস্থান না হলে মানুষের ক্রয়ক্ষমতা থাকে না, দারিদ্র্য বাড়ে। তাই বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করছি।

মন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড ছিল বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার। তিনি এটির জন্য খুবই আন্তরিক ছিলেন। ইচ্ছা করলে এই কার্ড চার বছরের মাথায় দেওয়া যেত। কিন্তু সরকার গঠনের ২১তম দিনে দেশের ১০টি প্রত্যন্ত অঞ্চলে ফ্যামিলি কার্ড দিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি নির্বাচনি অঙ্গীকার পূরণে কতটুকু দৃঢ়প্রতিজ্ঞ। ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে হাসিমুখ ও সচ্ছলতা দেখতে।

এ সময় সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জের ১২ উপজেলার মধ্যে শুধু দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রামের ৬৯৭ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

লিপসন আহমেদ/এফএ/জেআইএম