বগুড়ার ৯ উপজেলায় পৌঁছে গেছে উপহারের খেজুর, যাবে আরও ৩টিতে
সৌদি সরকার থেকে পাঠানো খেজুর
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো ২৯১ কার্টন খেজুর বগুড়ায় পৌঁছেছে। ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’-এর দেওয়া এই উপহার জেলার ১২টি উপজেলার অসচ্ছল মানুষের মধ্যে বিতরণের প্রক্রিয়া শুরু হয়েছে।
বুধবার (১১ মার্চ) জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নির্দেশনায় এই খেজুর বিতরণ করা হচ্ছে। জেলার সারিয়াকান্দি, সোনাতলা, শিবগঞ্জ, আদমদীঘি, দুপচাঁচিয়া, কাহালু, নন্দীগ্রাম, শেরপুর, ধুনট, বগুড়া সদর, গাবতলী ও শাজাহানপুর উপজেলার ইউনিয়নগুলোতে খেজুর পাঠানো হচ্ছে।
গত ৫ মার্চ জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) দ্রুত এই খেজুর গ্রহণ করে প্রকৃত উপকারভোগীদের মধ্যে সুষ্ঠুভাবে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিতরণ কার্যক্রম শেষ করে একটি প্রতিবেদন জেলা প্রশাসনের কাছে জমা দিতে বলা হয়েছে।
বগুড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোতাহার হোসেন বলেন, বেশিরভাগ উপজেলায় এরইমধ্যে খেজুর পৌঁছে দেওয়া হয়েছে। তবে শেরপুর, ধুনট ও সারিয়াকান্দি উপজেলা থেকে এখনো সংগ্রহ করা হয়নি। আশা করছি আজ অথবা কাল সকালের মধ্যে তারা খেজুর নিয়ে যাবেন।
তিনি আরও বলেন, বাদশাহ সালমানের উপহারের খেজুর স্থানীয় দরিদ্র ও অসচ্ছল পরিবারগুলোর ইফতারিতে কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ প্রক্রিয়াটি কঠোরভাবে তদারকি করা হবে।
এলবি/এসআর/জেআইএম