বৃদ্ধকে মারধর, কনটেন্ট ক্রিয়েটর কারাগারে
বৃদ্ধকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় বরিশালের বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর পাবেল মুন্সিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক এস এম শরীয়ত উল্লাহ তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রহমান। তিনি বলেন, বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে এক বৃদ্ধকে মারধরের মামলায় আদালতে জামিন চাইতে এলে তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে বিচারক।
কনটেন্ট ক্রিয়েটর পাবেল মুন্সি চরমোনাই ইউনিয়নের ডিঙ্গা মানিক গ্রামের রফিক মুন্সির ছেলে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, পাবেল মুন্সি এর আগেও অনেক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত হয়েছে। এক সময়ে সংসারে অভাব অনটনের কারণে নানান বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি। কয়েক বছর যাবৎ কনটেন্ট ক্রিয়েটর হওয়ার পর সংসারের অভাব ঘটলেও তার বিতর্কিত কর্মকাণ্ড ছাড়তে পারেনি বলে অভিযোগ রয়েছে।
গত কয়েকমাস আগে পাবেল মুন্সির সঙ্গে কনটেন্ট করে এমন এক নারী আত্মহত্যার পর পালিয়েছিলেন পাবেল মুন্সি। এরপর থানা পুলিশকে ম্যানেজ করে আবারও গ্রামে আসেন তিনি।
শাওন খান/কেএইচকে/জেআইএম