সিরাজগঞ্জে এএসআইকে মারধর, গ্রেফতার ২
সিরাজগঞ্জের রায়গঞ্জে মামুনুর রশিদ নামে এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) মারধরের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সন্ধ্যার দিকে আদালতের মাধ্যমে দুজনকেই কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সন্ধ্যায় ষোলমাইল এলাকায় আসামি ধরতে গেলে এএসআই মামুনুর রশিদ মারধরের শিকার হন।
গ্রেফতাররা হলেন, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ক্ষুন্দ্র দৌলতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (২৮) ও কোদলাদিগি (গোদাইপুর) গ্রামের মঈন উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪০)।
জানা যায়, এএসআই মামুনুর রশিদ সাদা পোশাকে সঙ্গীয় ফোর্স নিয়ে ষোলমাইল এলাকায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়েছিলেন। ওই সময় তর্কবিতর্কের একপর্যায়ে তাকে পেছন থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। পরে তার সঙ্গে থাকা পুলিশের অন্য সদস্যরা তাকে উদ্ধারের পর রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে এএসআই দেওয়ান আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করা হয়। এরপর রাতে অভিযান চালিয়ে মনিরুল ইসলাম ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে পুলিশ।
এম এ মালেক/আরএইচ/এমএস