এবারও শোলাকিয়ার মুসল্লিদের জন্য থাকছে ‘ঈদ স্পেশাল’ দুই ট্রেন
দেশের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবারও বিশেষ ট্রেন সার্ভিস চালু করছে বাংলাদেশ রেলওয়ে। প্রতি বছরের মতো এবারও ময়মনসিংহ ও ভৈরব থেকে দুটি ‘শোলাকিয়া ঈদ স্পেশাল’ ট্রেন চলাচল করবে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা এবং কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ময়মনসিংহ জংশন থেকে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল’ নামে বিশেষ একটি ট্রেন ভোর পৌনে ময়মনসিংহ থেকে ৬টায় ছেড়ে সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ স্টেশনে পৌঁছাবে এবং ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠে ঈদের জামাত শেষে ওই ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন থেকে দুপুর ১২টায় ছেড়ে দুপুর ৩টায় ময়মনসিংহে পৌঁছাবে। ট্রেনটি চলাচলের পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটের শম্ভুগঞ্জ, বিসকা, গৌরিপুর, বোকাইনগর, ঈশ্বরগঞ্জ, সোহাগী, আঠারবাড়ী, নান্দাইল রোড, মুসুল্লি, নীলগঞ্জ স্টেশনে দুই মিনিট করে যাত্রাবিরতি করবে।
অপরদিকে ভৈরব জংশন থেকে ভোর ৬টায় আরেকটি ঈদ স্পেশাল ট্রেন কিশোরগঞ্জ অভিমুখে ছেড়ে সকাল ৮টায় পৌঁছাবে এবং ঈদ জামাত শেষে আবার দুপুর ১২টায় কিশোরগঞ্জ ছেড়ে দুপুর ২টায় ভৈরব পৌঁছাবে। পথে কালিকাপ্রসাদ, ছয়সূতি, কুলিয়ারচর, বাজিতপুর, সরারচর, হালিম মকসুদপুর, মানিকখালি ও গচিহাটা স্টেশনে যাত্রাবিরতি করবে।
উল্লেখ, এবার কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৯তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। অনুষ্ঠিত দেশের সর্ববৃহৎ ঈদ জামাতে যেন ময়মনসিংহ অঞ্চলের মুসল্লিরা অংশ নিতে পারেন, এজন্য প্রতি ঈদে এমন বিশেষ ট্রেন চালু করে আসছে বাংলাদেশ রেলওয়ে।
এসকে রাসেল/কেএইচকে/এমএস