ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সমাজসেবক শিশিরের ঈদ উপহার পেলেন ১০০ দুস্থ পরিবার

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২০ মার্চ ২০২৬

নওগাঁর বদলগাছি উপজেলার আধাইপুর ইউনিয়নে ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন সমাজসেবক মো. মোস্তাফিজুর রহমান শিশির।

শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টায় আধাইপুর ইউনিয়নের দেউলিয়া স্কুলে তিনি দুস্থ মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন।

মো. মোস্তাফিজুর রহমান শিশির গত প্রায় সাত বছর ধরে নিজ উদ্যোগে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিশেষ করে করোনা মহামারির কঠিন সময়ে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। এছাড়াও বিভিন্ন সময়ে শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগকালীন সহায়তায় তার সক্রিয় অংশগ্রহণ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুকুল হোসেন। তিনি বলেন, এ ধরনের সৎ ও যোগ্য তরুণ নেতৃত্ব যদি ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তাহলে আশা করা যায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন সাধিত হবে।

ঈদ উপহার বিতরণকালে মো. মোস্তাফিজুর রহমান শিশির বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির দায়িত্ব। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এফএ/এমএস