মন্ত্রী-এমপিরা তিন ঘণ্টাও ঘুমান না: সংস্কৃতি মন্ত্রী
এমপি এবং মন্ত্রীরা তিন ঘণ্টাও ঘুমান না বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীসহ এমপি-মন্ত্রীরা শপথ নেওয়ার পর থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা টিমওয়ার্ক করে একটা বিধ্বস্ত দেশের দায়িত্ব গ্রহণ করেছি। দেশের নতুন স্বপ্ন-সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হবে।
বুধবার (২৫ মার্চ) রাতে নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, বিগত ১৭ বছর যাবৎ ভোট হতে দেয়নি। দিনের ভোট রাতের বেলা কেটেছে। আমরা এই বিধ্বস্ত দেশটাকে নতুন করে গড়ে তুলতে চাই। আমরা বিভাজন, বিভেদ চাই না। ঐক্য চাই, আমরা শান্তি চাই। এখানে হিন্দুর যে অধিকার, মুসলমান-খ্রিস্টানেও সে অধিকার। এই অধিকার বিএনপি বিশ্বাস করে বলেই পাঁচ তারিখের পর বিএনপির লোকজন হিন্দুদের পাশে দাঁড়িয়েছে।
লাঙ্গলবন্দে মহাষ্টমী প্রসঙ্গে নিতাই রায় চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করবো এই লাঙ্গলবন্দকে একটা হেরিটেজের অন্তর্ভুক্ত করার বিষয়ে। আমাদের পুরোনো ঐতিহ্য লাঙলবন্দের স্নান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. নজরুল ইসলাম আজাদ, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খাঁন, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
মোবাশ্বির শ্রাবণ/কেএইচকে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মহাসড়কে ট্যাংকলরি থেকে তেল চুরির ভিডিও ভাইরাল
- ২ যুবদল নেতা কামাল হত্যা, বিএনপি-যুবদল নেতাসহ ৬ জনকে আসামি
- ৩ স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়
- ৪ ফেসবুক পোস্ট নিয়ে মারামারি, ভাইয়ের হাতে কৃষকদল নেতা নিহতের অভিযোগ
- ৫ চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানস্থল থেকে ককটেল উদ্ধার