ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এক খাটিয়ায় দুই শিশুর মরদেহ, শোকে কাতর এলাকাবাসী

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৯:০৫ এএম, ০২ এপ্রিল ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পানিতে ডুবে নিহত এক পরিবারের তিন শিশু ইমাদ আহমেদ (৮), লাবিব আহমেদ (৭) ও জিসান আহমেদের (১০) জানাজা সম্পন্ন হয়েছে। এসময় এক খাটিয়ায় ছোট ছোট দুই শিশুর মরদেহ রাখা হয়। পরিবারের সন্তানদের হারিয়ে শোকে কাতর স্বজন ও এলাকাবাসী।

বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের দীকোলখান্দি পুরাতন জামে মসজিদ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে এলাকার পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হয়।

এর আগে বুধবার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি টিলাবাড়ি এলাকায় খেলা করার সময় পানিতে ডুবে এই তিন শিশুর মৃত্যু হয়।

নিহতরা হলো- কর্মধা ইউনিয়নের ফটিগুলি টিলাবাড়ির আশিক আলীর ছেলে ইমাদ আহমেদ, সাহেব আলীর ছেলে লাবিব আহমেদ ও দীকোলখান্দি গ্রামের বাসিন্দা শিপার মিয়ার ছেলে জিসান আহমেদ। নিহত ইমাদ ও লাবিব সম্পর্কে চাচাতো ভাই। জিসান সম্পর্কে তাদের ভাগনে হয়।

জানা যায়, ইমাদ আহমেদ, লাবিব আহমেদ ও জিসান আহমেদ বৃষ্টির পানিতে খেলা করছিল। তবে এই এলাকায় জমি থেকে মাটি নেওয়ায় গভীর ডোবায় পরিণত হয়। প্লাস্টিক বল নিয়ে খেলা করতে করতে একটা সময় ডোবায় পড়ে তাদের মৃত্যু হয়। পানিতে ডুবন্ত অবস্থায় শিশুদের উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতদের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। একসঙ্গে পরিবারের তিন শিশুকে হারিয়ে পরিবারের অন্যান্য সদস্যরা শোকে কাতর। শুধু পরিবারের সদস্যরা নয়, পুরো এলকাজুড়ে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে।

এক খাটিয়ায় দুই শিশুর মরদেহ, শোকে কাতর এলাকাবাসী

নিহতদের নিকট আত্মীয় ফয়জুর রহমান সোহেল বলেন, বৃষ্টির পানিতে খেলা করতে করতে সদ্য নতুন করে খনন করা প্রায় ১০ ফুট গভীর একটা ডোবায় পড়ে তাদের মৃত্যু হয়।

কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ বলেন, একই পরিবারের তিন শিশু পানিতে ডুবে মারা গেছে। আমরা পরিবারের সদস্যদের সান্ত্বনা দিচ্ছি। তবে ঘটনাটি খুবই মর্মান্তিক।

এক খাটিয়ায় দুই শিশুর মরদেহ, শোকে কাতর এলাকাবাসী

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুদের মরদেহ দাফনের সম্মতি দেওয়া হয়েছে।

এম ইসলাম/এফএ/জেআইএম