হত্যা মামলায় বহিষ্কারের পর বিএনপি নেতা গ্রেফতার
সিরাজগঞ্জের শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দল থেকে বহিষ্কারের পর গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দিনগত রাতে একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সাইফুল ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। এ মামলার পর তিনি পলাতক ছিলেন। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রংপুর থেকে তাকে গ্রেফতার করে শনিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ মামলায় রবিউল ইসলাম নামে এক সিএনজিচালক কারাগারে রয়েছেন বলে জানান এই কর্মকর্তা।
মামলার নথি সূত্রে জানা যায়, গত ২০ মার্চ চাঁদরাতের পৌনে ৮টার দিকে কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ঈদ সালামি দিচ্ছে বলে সড়াতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে সোহেল রানাকে সিএনজি চালিত অটোরিকশায় একদল দুর্বৃত্তরা তুলে নিয়ে যায়। পরে শনিবার ঈদের দিন দুপুরে একই ইউনিয়নের মুরুটিয়া-চিনাধুকুরিয়া আঞ্চলিক সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে সোহেল রানার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের মা রুবি খাতুন বাদী হয়ে ওই ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলামকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও তিন-চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২৫ মার্চ দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সোহেল রানাকে হত্যায় জড়িত সন্দেহ ও হত্যা মামলায় আসামি হওয়ায় সাইফুল ইসলামকে দলীয় পদ থেকে বহিষ্কার করে জেলা বিএনপি।
এম এ মালেক/এমএন/এমএস