ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রতিশ্রুতি ভঙ্গকারীদের বর্জনের আহ্বান গোলাম পরওয়ারের

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০৮:১৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৬

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এমন কাউকে নির্বাচিত করা যাবে না, যারা ক্ষমতায় যাওয়ার এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি বদলে ফেলে। প্রতিশ্রুতি ভঙ্গকারীদের বর্জন করতে হবে।‎ শহীদ রেজাউল করিমের মাটিতে দাঁড়িয়ে আজ কথা বলছি। তাই দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবে। জনগণের সঙ্গে যারা প্রতারণা করে, তাদের আর সুযোগ দেওয়া যাবে না।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমানের পক্ষে এ সভার আয়োজন করা হয়।

বর্তমান সরকারের সমালোচনা করে জামায়াত সেক্রেটারি বলেন, সরকার সংবিধানের বই হাতে নিয়ে নানা প্রতিশ্রুতির কথা বললেও বাস্তবে তারা গণভোট বা সংস্কার পরিষদের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানতে চায় না।

ভোটারদের সঠিক প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত সেক্রেটারি বলেন, এমন কাউকে নির্বাচিত করা যাবে না, যারা ক্ষমতায় যাওয়ার এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি বদলে ফেলে।

ঝিনাইগাতী ‎উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম ও ডাকসু ভিপি সাদিক কায়েম।

জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গত ১২ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়। নতুন তফসিল অনুযায়ী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক (ধানের শীষ) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) মিজানুর রহমান (কাঁচি)।

মো. নাঈম ইসলাম/এএইচ/এমএস