ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কালীগঞ্জে ইস্টার সানডে ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলা প্রতিনিধি | কালীগঞ্জ (গাজীপুর) | প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০৫ এপ্রিল ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে ইস্টার সানডে উপলক্ষে হাবিব খান (৩৮) নামে এক যুবকের অনন্য মানবিক উদ্যোগ নজর কেড়েছে এলাকাবাসীর। ধর্মীয় ভেদাভেদ ভুলে শুধু খ্রিষ্টান সম্প্রদায় নয়, বরং সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে লাল গোলাপ বিতরণ করে ভালোবাসা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছেন হাবিব খান।

রোববার (৫ এপ্রিল) সকাল উপজেলার তুমলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বোয়ালী, দক্ষিণ ভাদার্ত্তী, ভেটুর ও পিপ্রাশৈর গ্রামে এ ব্যতিক্রমী আয়োজন দেখা যায়। বিশেষ করে তুমলিয়া ধর্মপল্লীর সামনে ইস্টার সানডের শুভেচ্ছা বিনিময়ের সময় লাল গোলাপ হাতে মানুষের হাসিমুখে এক হৃদয়ছোঁয়া পরিবেশ সৃষ্টি হয়। ছোট-বড় সবাই সাদরে গ্রহণ করেন ভালোবাসার এই প্রতীক।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এমন উদ্যোগ আগে খুব একটা দেখা যায়নি। ধর্ম, বর্ণ বা পেশার বিভাজন পেরিয়ে মানুষের মধ্যে ভালোবাসার বার্তা পৌঁছে দেওয়ার এই প্রয়াস এলাকাজুড়ে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিষয়টি ব্যাপক সাড়া ফেলেছে।

উপজেলার তুমলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভেটুর গ্রামের বাসিন্দা প্রাঙ্গণ পালমা, অমল কস্তা, জেকসন, রন্তা কস্তা, সঙ্গীতা কস্তা, পিউরিফিকেশন, বাদল পালমা ও চন্দন পালমা জানান, ইস্টার সানডে আমাদের জন্য আনন্দের দিন। কিন্তু হাবিব যেভাবে সব ধর্মের মানুষকে এক কাতারে এনে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, তা সত্যিই ব্যতিক্রমী। এতে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়েছে।

একই ইউনিয়ন ও ওয়ার্ডের পিপ্রাশৈর গ্রামের বাসিন্দা সুকু ছেরাও, মেরি ছেরাও, কাকলি কস্তা ও সুধীর পালমা জানান, তারা খুব আনন্দিত ও আপ্লুত। একজন মুসলমান হয়েও তিনি উৎসবে এসে ভালোবাসা ভাগ করে নিয়েছেন-এটা গর্বের। এমন উদ্যোগ সমাজে সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে থাকবে।

উদ্যোক্তা হাবিব খান বলেন, ধর্ম যার যার, উৎসব সবার-এই বিশ্বাস থেকেই আমার ছোট্ট উদ্যোগ। ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান ভাই-বোনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে চেয়েছি। ভালোবাসা ছড়িয়ে দিলে সমাজে বিভেদ কমে, বন্ধন দৃঢ় হয়। আগেও ঈদের সময় মুসল্লিদের মধ্যে গোলাপ ও শিশুদের বই-খাতা দিয়েছি, ভবিষ্যতেও এমন কাজ চালিয়ে যেতে চাই।

আব্দুর রহমান আরমান/এনএইচআর/জেআইএম