সাতক্ষীরায় ডিজেল সংকটে বিপাকে চালকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ০৮ এপ্রিল ২০২৬

উপকূলীয় জেলা সাতক্ষীরা থেকে প্রতিদিন তিন শতাধিক বাস দেশের বিভিন্ন প্রান্তে, ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দূরপাল্লার রুটে চলাচল করে। পাশাপাশি সাতক্ষীরা-খুলনা, সাতক্ষীরা-যশোর, সাতক্ষীরা-মুন্সিগঞ্জসহ জেলার বিভিন্ন লোকাল রুটে আরও তিন শতাধিক বাস নিয়মিত চলাচল করছে। যাত্রীসেবার এই বিশাল নেটওয়ার্ক সচল রাখতে প্রতিদিনই প্রয়োজন বিপুল পরিমাণ ডিজেল। তবে সাম্প্রতিক জ্বালানি সংকটে বেশি বিপাকে পড়েছে লোকাল রুটের বাসচালকরা।

এদিকে স্থানীয় ফুয়েল স্টেশনগুলোতে পর্যাপ্ত ডিজেল সরবরাহ না থাকায় নির্ধারিত একটি স্টেশন থেকে জ্বালানি সংগ্রহ সম্ভব হচ্ছে না। ফলে লোকাল রুটের বাসগুলোকে একাধিক ফিলিং স্টেশন ঘুরে তেল সংগ্রহ করতে হচ্ছে। এতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনি ব্যাহত হচ্ছে নির্ধারিত সময়সূচিও।

সংশ্লিষ্টরা জানান, জেলার বড় ও প্রতিষ্ঠিত বাস সার্ভিসগুলোর নিজস্ব ফুয়েল স্টেশন থাকায় তাদের জ্বালানি সংগ্রহে তেমন কোনো সমস্যা হচ্ছে না। নিরবচ্ছিন্ন সরবরাহ থাকায় তারা নির্ধারিত সময়সূচি মেনে নির্বিঘ্নে বাস চলাচল চালিয়ে যেতে পারছেন। তবে লোকাল রুটে চলাচলকারী বাস ও ছোট পরিবহন কোম্পানিগুলোর ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এসব পরিবহনকে জ্বালানি সংগ্রহে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

দূরপাল্লার পরিবহন সংশ্লিষ্টরা জানান, বড় কোম্পানিগুলো নিজস্ব ব্যবস্থাপনায় জ্বালানি সংকট অনেকটাই সামাল দিতে পারছে।

সোহাগ পরিবহনের সাতক্ষীরা কাউন্টার ম্যানেজার মো. দুলাল জানান, তাদের কোম্পানির নিজস্ব ফুয়েল স্টেশন থাকায় ঢাকায় থেকেই গাড়িগুলো তেল নিয়ে সাতক্ষীরায় আসে। ফলে স্থানীয়ভাবে জ্বালানি নেওয়ার প্রয়োজন পড়ে না।

সাতক্ষীরায় ডিজেল সংকটে বিপাকে চালকরা

একই রুটে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সাতক্ষীরা কাউন্টার ম্যানেজার মনিরুল ইসলাম জানান, নিজস্ব ফুয়েল স্টেশন থাকায় সরাসরি কোনো সংকটে পড়তে হচ্ছে না। তবে সার্বিক পরিস্থিতির কারণে আগের তুলনায় ট্রিপ সংখ্যা কিছুটা কমানো হয়েছে।

দূরপাল্লার বাসচালক মোহাম্মদ বাবলা তুলে ধরেন, সাতক্ষীরা থেকে ঢাকায় একটি বাসের এক ট্রিপ পরিচালনায় এসি বাসে ১৯০ থেকে ২০০ লিটার এবং নন-এসি বাসে ১৫০ থেকে ১৭০ লিটার ডিজেল প্রয়োজন হয়। আবার সাতক্ষীরা-চট্টগ্রাম রুটে এই চাহিদা ২৮০ থেকে ৩০০ লিটার পর্যন্ত। কিন্তু বর্তমানে জেলার ফুয়েল স্টেশনগুলো থেকে একসঙ্গে ৫০ থেকে সর্বোচ্চ ১০০ লিটার পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। ফলে পথে বিভিন্ন স্টেশন থেকে আলাদাভাবে তেল নিতে হচ্ছে, এতে সময় বাড়ছে এবং নির্ধারিত সময়সূচি ব্যাহত হচ্ছে।

সাতক্ষীরার লোকাল রুটে চলাচলকারী বাসচালক সিরাজুল ইসলাম জানান, সাধারণভাবে একটি বাস প্রতি লিটার ডিজেলে গড়ে ৩ থেকে ৫ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। বাসের ইঞ্জিন, লোড, রাস্তার অবস্থা এবং ট্রাফিকের ওপর ভিত্তি করে মাইলেজ পরিবর্তিত হতে পারে। সে হিসেবে সাতক্ষীরা থেকে কালিগঞ্জ রুটে প্রায় ১০০ কিলোমিটার যাওয়া-আসায় একটি বাসের প্রায় ২৫ থেকে ৩০ লিটার ডিজেল প্রয়োজন হয়। তবে বর্তমানে লোকাল রুটের বাসগুলো সর্বোচ্চ ৩০ লিটার পর্যন্ত তেল পাচ্ছে, যা একাধিক ট্রিপ পরিচালনায় অনিশ্চয়তা তৈরি করছে।

তিনি আরও জানান, যেসব বাস মালিকের নিজস্ব ফুয়েল স্টেশন রয়েছে বা পাম্প মালিকদের সঙ্গে সুসম্পর্ক আছে, তারা তুলনামূলকভাবে সহজেই পর্যাপ্ত তেল সংগ্রহ করতে পারছেন।

দূর পাল্লার একটি ছোট পরিবহন কোম্পানির কাউন্টার ম্যানেজার সোহেল হোসেন জাগো নিউজকে জানান, যাত্রীদের সময়মতো সেবা দিতে গিয়ে তারা চাপে রয়েছেন। তেলের অভাবে নির্ধারিত সময়ে গাড়ি ছাড়তে না পারলে যাত্রী অসন্তোষ বাড়ছে, অনেক ক্ষেত্রে টিকিট বাতিলও করতে হচ্ছে। এ কারণে ট্রিপ সংখ্যা কমাতে হয়েছে।

সাতক্ষীরা-খুলনা রুটে চলাচলকারী বাসচালক রুবেল ক্ষোভ প্রকাশ করেন, বড় কোম্পানির গাড়িগুলো সহজেই তেল পাচ্ছে, কিন্তু ছোট পরিবহনগুলো ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত ডিজেল পাচ্ছে না। এতে ট্রিপ কমে যাওয়ায় আয়ও কমে গেছে।

সাতক্ষীরা দূরপাল্লার বাস মালিক সমিতির সভাপতি তাহমিদ চয়ন মন্তব্য করেন, জেলার পরিবহন ব্যবস্থা সচল রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে ছোট ও মাঝারি পরিবহন কোম্পানিগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক ক্ষেত্রে একটি বাসকে গন্তব্যে পৌঁছাতে পথে একাধিক পাম্প থেকে তেল নিতে হচ্ছে, এতে সময় ও ব্যয় দুটোই বাড়ছে এবং যাত্রীসেবায় বিঘ্ন ঘটছে। পরিবহন খাতের জন্য আলাদা করে ডিজেল সরবরাহ নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।

অন্যদিকে সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুস সোবহান খোকন জাগো নিউজকে বলেন, লোকাল রুটের বাসগুলো সবচেয়ে বেশি সংকটে রয়েছে। প্রতিদিনের আয়ের ওপর নির্ভরশীল এসব বাস তেল না পাওয়ায় নির্ধারিত ট্রিপ দিতে পারছে না। এতে চালক-হেলপার থেকে শুরু করে মালিক, সবাই আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। কিছু স্টেশনে সীমিত সরবরাহের কারণে অগ্রাধিকার ভিত্তিতে তেল দেওয়ায় ছোট পরিবহনগুলো বঞ্চিত হচ্ছে। এই বৈষম্য দূর করার দাবি জানান তিনি।

এদিকে ফুয়েল স্টেশন মালিকরা জানান, সরবরাহ কম থাকায় তারা চাপের মধ্যে রয়েছেন।

সাতক্ষীরা এবিখান ফুয়েল স্টেশনের ম্যানেজার কাজী শুভ্র জাগো নিউজকে জানান, আগে স্টেশনে পর্যাপ্ত ডিজেল মজুত থাকলেও এখন তেল আসার পরপরই শেষ হয়ে যাচ্ছে। ডিপো থেকে কম বরাদ্দ পাওয়ায় চাহিদা অনুযায়ী সরবরাহ সম্ভব হচ্ছে না।

সাতক্ষীরা জেলা প্রশাসকের দপ্তর থেকে জানানো হয়েছে, জেলায় ডিজেলের সরবরাহ কিছুটা কম থাকলেও কোনো কৃত্রিম সংকট নেই। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। কোথাও তেল মজুত করে কৃত্রিম সংকট বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহসানুর রহমান রাজীব/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।