ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাঘাইছড়িতে বিদেশি পিস্তল-অস্ত্রসহ বিপুল গোলাবারুদ উদ্ধার

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০২:২৮ পিএম, ১০ এপ্রিল ২০২৬

রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনগত রাতে মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) একটি বিশেষ টহলদল এই সফল অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান পাচারের খবর পেয়ে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে বিজিবির একটি দল জীপতলী ব্রিজ এলাকায় অবস্থান নেয়। দিনগত রাত পৌনে ১২টার দিকে ৩-৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে ওই এলাকা দিয়ে আসতে দেখে বিজিবি চ্যালেঞ্জ করলে তারা দ্রুত গভীর পাহাড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

উদ্ধার অস্ত্র-সরঞ্জামাদির মধ্যে রয়েছে- একটি ৭.৬৫ বোর ব্রাউনিং বিদেশি পিস্তল, একটি ৭.৬২ মি.মি. তাজা গুলি, ৯টি ৭.৬২ মি.মি. খালি খোসা, একটি পিস্তল ক্যারিয়ার ব্যাগ ও একটি পুরাতন পিস্তল কভার, একটি দেশীয় একনলা বন্দুক ও ৭টি খালি খোসা, দুইটি বড় ও তিনটি ছোট চাইনিজ চাপাতি, দুইটি দেশীয় লোহার হাসুয়া/দা, একটি লোহার হাতুড়ি, একটি বাটুল গুলতি, ২৬টি কাচের মার্বেল ও ৫টি স্টিলের মার্বেল, এবং একটি পুরাতন স্কুল ব্যাগ।

বিজিবির মারিশ্যা জোন (২৭ বিজিবি) কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, সাম্প্রতিক সময়ে দুষ্কৃতিকারীরা বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করায় বিজিবি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং আভিযানিক টহল কার্যক্রম আরও জোরদার করেছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরমান খান/কেএইচকে/জেআইএম