ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ১১ এপ্রিল ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন চিলমারী-কুড়িগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশাচালক নুর আমিন (৪০) ও যাত্রী অসিত কুমার সরকার নারু (৬০)। নুর আমিন উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙা গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে। অসিত কুমার সরকার কুড়িগ্রাম সদরের সবুজপাড়া গ্রামের মৃত অনিল কুমার সরকারের ছেলে।

দুর্ঘটনায় গুরুতর আহত শিউলি বেগমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত রুহুল আমিন ও তকি আহম্মেদকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ব্যাটারিচালিত একটি অটোরিকশা উলিপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নুর আমিনের মৃত্যু এবং যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শিউলি বেগম ও অসিত কুমার সরকারের অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে অসিত কুমার সরকার মারা যান।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রোকনুজ্জামান মানু/এএইচ/এমএস