হত্যার হুমকি দিয়ে নারায়ণগঞ্জ ক্লাবে উড়োচিঠি
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ‘নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে’ উড়োচিঠি দিয়ে সদস্যকে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। তবে কে বা কারা এমন হুমকি দিয়েছে ক্লাবের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়নি।
সোমবার দুপুরে ডাকযোগে একটি চিঠিতে ওই হুমকি দেয়া হয় বলে জানা গেছে। এনিয়ে দিনভর ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
ক্লাবের একাধিক সূত্র থেকে জানা গেছে, সোমবার দুপুরে ডাকযোগে একটি চিঠি আসে ক্লাব সভাপতি বরাবর। বিকেলে চিঠিটি খোলা হয়। এতে ক্লাবকে হুমকিস্বরূপ কিছু বাক্য উল্লেখ করা হয়। তবে ওই চিঠি পেয়ে ক্লাব সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর সন্ধ্যার পর লোকমুখে উড়োচিঠির বিষয়টি সাংবাদিকদের কানে চলে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সদস্য জানান, বিকেলেই তারা চিঠির খবর জানতে পেরেছেন। চিঠিটি ক্লাব সভাপতির কাছে আছে জানতে পেরেছি। কিন্তু সভাপতি বিষয়টি নিয়ে চিন্তিত থাকলেও হুমকির বিষয়টি আমলে নিচ্ছেন না।
এ ব্যাপারে ক্লাব সভাপতি মাহমুদ হোসেন ও সহ-সভাপতি শংকর কুমার রায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কেউ ফোন রিসিভ করেননি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আবদুল মালেক জানান, তিনি উড়োচিঠির একটি খবর শুনেছেন। কিন্তু ক্লাবের কেউ তাকে বিষয়টি অফিসিয়াল জানায়নি। তবে এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।
মো. শাহাদাত হোসেন/বিএ