গাজীপুরে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
গাজীপুরে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
রায়ে একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে প্রত্যেককে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কাপাসিয়া থানার জালিশা গ্রামের মৃত আলমাছ আলী মোড়লের ছেলে লোকমান হোসেন শাহীন ওরফে বাঘা লোকমান (৩৮), একই গ্রামের ফজলুল হক পলানের ছেলে মোস্তফা (৩২) ও কালীগঞ্জ থানার চর শৈলাদী গ্রামের মৃত তফিজ উদ্দিন ওরফে অফিজ উদ্দিন আকন্দের ছেলে মো. মুনসুর (২৮)।
গাজীপুর আদালতের অতিরিক্ত পিপি শরীফ মো. ফজলে রাব্বি জানান, কাঠ ব্যবসায়ী কাপাসিয়া থানার জালিশা গ্রামের রিয়াজ উদ্দিন পলানকে (৩০) ২০০৮ সালের ১৪ জুন আসামিরা পূর্বপরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ বাড়ির পাশে পুকুরে ফেলে রাখে।
পরদিন সকালে স্থানীয়রা নিহতের লাশ পুকুরে ভাসতে দেখে কাপাসিয়া থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী হেলেনা বেগম বাদী হয়ে লোকমানসহ অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আবুল কাশেম তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে ২০০৮ সালের ৪ ডিসেম্বর আদালতে চার্জশিট দেন।
আমিনুল ইসলাম/এসএস/এবিএস